Skip to content

মুন্সীগঞ্জে অস্ত্রসহ ২ ভাই গ্রেপ্তার, উদ্ধার ৪১ লাখ টাকা

মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:
মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চল শিলই এলাকায় অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই ভাইকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।

তাঁদের বাসা থেকে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন ও ৪১ লাখ ১৯ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়েছে। এর আগে কুষ্টিয়া থেকে কেনা দুটি বিদেশি পিস্তল ও সাত রাউন্ড গুলি মুন্সীগঞ্জে আনার পথে টাঙ্গাইলের যমুনা সেতু পূর্ব গোলচত্বর এলাকা থেকে আরও একজনকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে অভিযানে মোট তিনজন গ্রেপ্তার হয়েছেন।

বুধবার (১৪ অক্টোবর) মধ্যরাত ও সকালে পৃথক অভিযানে এসআরবি—১১ ও এসআরবি—১৪—এর যৌথ অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, সদর উপজেলার শিলই এলাকার সুজন বেপারী (৩৮), তাঁর বড় ভাই মনির হোসেন (৪৫) এবং মো. বারেক ব্যাপারী (৪৯)। সুজন ও মনিরের বাবার নাম কাসেম ব্যাপারী। এসআরবি—১১ এর অপারেশন অফিসার মো: রওনক এরফান খান স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বলা হয়, এসআরবি—১১—এর সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে বুধবার রাত ২টা ১০ মিনিটে এসআরবি—১৪—এর একটি আভিযানিক দল টাঙ্গাইলের যমুনা সেতু পূর্ব গোলচত্বর এলাকার চেকপোস্টে ‘রিয়াজ পরিবহন’ নামের একটি বাসে তল্লাশি চালায়। এ সময় হারমোনিয়ামের ভেতরে লুকানো দুটি বিদেশি পিস্তল ও সাত রাউন্ড গুলিসহ বারেক ব্যাপারীকে গ্রেপ্তার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে বারেক জানান, অস্ত্র ও গুলির চালানটি মুন্সীগঞ্জের সুজন বেপারীর কাছে নিয়ে যাওয়া হচ্ছিল। সুজন কুষ্টিয়া থেকে পিস্তল দুটি কিনেছেন বলেও তিনি জানান। পরে ওই তথ্যের ভিত্তিতে বুধবার সকাল সাতটার দিকে এসআরবি—১১—এর একটি দল মুন্সিগঞ্জ সদর উপজেলার শিলই এলাকায় সুজন বেপারীর বাসায় অভিযান চালায়। সেখান থেকে সুজন ও তাঁর বড় ভাই মনির হোসেনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের বাসায় তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, চার রাউন্ড গুলি, দুটি ম্যাগাজিন ও অস্ত্র বিক্রির ৪১ লাখ ১৯ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫