Skip to content

বিএনপি-জামায়াতি নৃশংসতার ভিডিও যাচ্ছে জাতিসংঘে

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ দশম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের নেতৃত্বাধীন জোটের ধ্বংসাত্মক কর্মকাণ্ড বিশ্বনেতাদের নজরে আনবে ক্ষমতাসীন আওয়ামী লীগ। বিরোধী দলের আন্দোলনের সময় জ্বালাও-পোড়াও, মানুষ খুনসহ নানা নাশকতা, নৃশংসতার ভিডিও ও স্থিরচিত্রসংবলিত একটি ডিভিডি বিশ্বনেতাদের কাছে পৌঁছাবে তারা।

আগামী ১৬ সেপ্টেম্বর শুরু হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের ৬৯তম অধিবেশন। অধিবেশন চলবে ডিসেম্বর পর্যন্ত। ডিভিডিটি অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধিদের হাতে পৌঁছানো হবে।

এটির সম্পাদনা ও কপি প্রস্তুতের কাজ শেষ পর্যায়ে রয়েছে। ১৮ সেপ্টেম্বর রাজধানীতে এটির প্রকাশনা অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। প্রকাশনা অনুষ্ঠানের পর এটি বিশ্বনেতাদের অবগতির জন্য সরবরাহ করা হবে। আওয়ামী লীগের প্রচার সেল সূত্রে এ কথা জানা গেছে।

সূত্র জানায়, এখনো বিশ্বনেতাদের অনেকে গত ৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম সংসদ নির্বাচন নিয়ে নানা প্রশ্ন তুলছেন। এ কারণে তাঁদের কাছে বিএনপি-জামায়াতের নৃশংসতার চিত্র তুলে ধরা জরুরি হয়ে পড়েছে। আর এর জন্য মোক্ষম জায়গা হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন। এ অধিবেশনের আনুষ্ঠানিক, অনানুষ্ঠানিক নানা বৈঠকে যাঁরা অংশ নেবেন এবং যাঁরা ৫ জানুয়ারির নির্বাচন নিয়ে প্রশ্ন তোলেন তাঁদের সমর্থন আদায়ের চেষ্টা চালানো হবে। এ কাজে ওই ডিভিডি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

জানা গেছে, এ বছর বাংলাদেশের জাতিসংঘে যোগদানের ৪০ বছর পূর্তি হবে। এ উপলক্ষে জমকালো আয়োজন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিউ ইয়র্কে অবস্থানকালে সেখানে বাংলাদেশের পক্ষ থেকে একটি অনুষ্ঠানের আয়োজন করা হবে। তাতে বিভিন্ন দেশের শীর্ষ প্রতিনিধিদের নিমন্ত্রণ করা হবে। অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের নানা অর্জনের বিষয় তুলে ধরা হবে। বিএনপি-জামায়াতের সহিংসতার বিষয়টিও তুলে ধরা হবে। সে সময় ডিভিডিটি অতিথিদের হাতে তুলে দেওয়া হতে পারে।

সূত্র জানায়, প্রায় দুই ঘণ্টার ডিভিডিতে তিনটি অংশ থাকছে। প্রথম অংশে রাখা হয়েছে নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের নৃশংসতার ভিডিও। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ওপর হামলা চালিয়ে নৃশংসভাবে হত্যা, গাড়িতে আগুন দিয়ে মানুষ পোড়ানো, বিপুলসংখ্যক গাছ কেটে ফেলা প্রভৃতি ধ্বংসাত্মক কর্মকাণ্ডের চিত্রও স্থান পেয়েছে প্রথম অংশে।

দ্বিতীয় অংশে স্থান পেয়েছে বিএনপি-জামায়াতের সহিংসতা নিয়ে আওয়ামী লীগের প্রচার সেলের সম্প্রতি প্রকাশিত ‘রক্তাক্ত বাংলাদেশ’ অ্যালবাম। ২৩ আগস্ট রাজধানীর ওসমানী মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে এ অ্যালবাম প্রকাশ করা হয়। বই আকারে প্রকাশিত অ্যালবামের ছবিগুলোতে বাংলা ও ইংরেজি ক্যাপশন রয়েছে।
তৃতীয় অংশে থাকছে আন্দোলনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের অনুভূতির কথা।

‘রক্তাক্ত বাংলাদেশ’ অ্যালবামের প্রকাশনা অনুষ্ঠানে বিএনপি-জামায়াত জোটের নাশকতা-সহিংসতায় নিহতদের পরিবারের অনেক সদস্য তাঁদের অনুভূতি প্রকাশ করেন। কয়েকজন অনুষ্ঠানে কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। কথা বলতে গিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন নিহত এক পুলিশ সদস্যের স্ত্রী লায়লা খাতুন। ডিভিডিতে এমন বিশেষ কিছু দৃশ্য রাখা হয়েছে।

সূত্র জানায়, ডিভিডিতে ইংরেজি সাব-টাইটেল থাকছে। ‘রক্তাক্ত বাংলাদেশ’ অ্যালবামেও ইংরেজিতে বর্ণনা রয়েছে। অ্যালবামটি এরই মধ্যে অনেক দেশের নীতিনির্ধারকদের কাছে পৌঁছানো হয়েছে। এটির ওজন প্রায় এক কেজি; বহন করা কষ্টকর। এ বিবেচনায় অ্যালবামটি স্থিরচিত্রাকারে ডিভিডিতে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

আওয়ামী লীগের প্রচার সেল সূত্র জানায়, ডিভিডিটি শুধু বিদেশে নয়, দেশে দলের নেতা-কর্মীদের কাছেও পৌঁছানো হবে। এটির কমপক্ষে চার হাজার কপি তৈরি করা হবে। ১৮ সেপ্টেম্বর ঢাকায় প্রকাশনা অনুষ্ঠান করার পর ডিভিডিটি তৃণমূলের নেতা-কর্মীদের কাছে পাঠানো হবে।

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, ‘ডিভিডিটিতে ইংরেজি সাব-টাইটেল বসানো শেষ হয়েছে। রবিবার আমি এটি দেখেছি। সংশ্লিষ্ট আরো কয়েকজন নীতিনির্ধারক দেখার পর এটির কপি করতে দেওয়া হবে। এ মাসের মাঝামাঝি আমরা প্রকাশনা অনুষ্ঠান করব।’

সাবেক বনমন্ত্রী হাছান মাহমুদ আরো বলেন, ‘সপ্তাহখানেক পর অনুষ্ঠিত হতে যাওয়া জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে আমরা ডিভিডিটি পাঠাচ্ছি। কারণ বিশ্বনেতাদের বিএনপি-জামায়াতের নৃশংসতার বিষয়ে সচেতন করা প্রয়োজন।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫