বাংলাভূমি২৪ ডেস্ক ॥
দেশের রাজনৈতিক গণতন্ত্র ও নির্বাচন পদ্ধতি নষ্ট হয়ে গেছে। এখন মনোভাবটা এমন, যেন নির্বাচন না হলেই ভালো। এসব মন্তব্য করেছেন বিবিসি বাংলাদেশ সংলাপের আলোচকরা।
শনিবার সন্ধ্যায় রাজধানীর বিয়াম মিলনায়তনে বিবিসি বাংলাদেশ সংলাপে তারা এ মন্তব্য করেন। সংলাপের এ পর্বে প্যানেল আলোচক ছিলেন গণফোরামের সভাপতি ও বাংলাদেশ সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ড. কামাল হোসেন, আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক আবদুল মতিন খসরু, বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নাসিম আক্তার হুসেন।
ড. নাসিম আক্তার বলেন, “দেশের দুটি প্রধান দল আওয়ামী লীগ-বিএনপির জনসম্পৃক্ততা কমছে। তাদের এখন মূল লক্ষ্য শুধু ক্ষমতায় যাওয়া। রাজনীতি এখন আর গণতন্ত্র নয়। এটা যেন এখন শুধু ভোট ও ক্ষমতায় যাওয়া। এখন আবার সেখান থেকেও সরে আসছে, যেন নির্বাচন না হলে আরো ভালো হয়।” কোনো বিকল্প না থাকায় জনগণ পাঁচ বছর পর পর আওয়ামী লীগ-বিএনপির কোনো একটিকে সুযোগ দেয় বলে মন্তব্য করেন তিনি।
ড. নাসিম আক্তার হুসেনের সঙ্গে একমত পোষণ করে ড. কামাল হোসেন বলেন, “নির্বাচন পদ্ধতি যে নষ্ট হয়ে গেছে, এটা সবাই স্বীকার করেছে। আমি ১৯৭০ সালে বঙ্গবন্ধুর আসনে নির্বাচন করেছি। আমাদের সময় নির্বাচনে খুব বেশি টাকার প্রয়োজন হতো না। আর এখন নির্বাচনে কোটি কোটি টাকা লাগে।”
রাজনৈতিক দলগুলো মনোনয়নের নামে এখন কোটি কোটি টাকা নেয় বলে অভিযোগ করেন ড. কামাল। তিনি বলেন, “দলগুলোর এখন প্রচুর টাকা।”
আওয়ামী লীগের জনসম্পৃক্ততা কমেছে এমন দাবির সঙ্গে দ্বিমত পোষণ করে আবদুল মতিন খসরু বলেন, “আওয়ামী লীগের জনসম্পৃক্ততা কমেছে এ কথার সঙ্গে আমি একমত নই। তবে এটা সত্যি, বিএনপি-আওয়ামী লীগ যদি দুর্বল হয়, দেশের গণতন্ত্র সংকটে পড়বে।”
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “আওয়ামী লীগ-বিএনপি দেশের মালিক নয়। দেশের মালিক জনগণ। তারাই সবকিছুর সিদ্ধান্ত নেবে।” তবে বর্তমানে রাজনৈতিক দলের মধ্যে গণতন্ত্রের সমস্যা আছে বলেও মন্তব্য করেন তিনি।
বিবিসি মিডিয়া অ্যাকশন ও বিবিসি বাংলা যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে। অনুষ্ঠানটি প্রযোজনা করেন ওয়ালিউর রহমান মিরাজ এবং উপস্থাপনা করেন আকবর হোসেন। সংবাদ২৪.নেট
