শ্রীপুর প্রতিনিধি ॥ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুর উপজেলার রঙিলা বাজার এলাকায় ভ্যান চাপায় রেনু আক্তার (৩০) নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ শ্রমিকরা প্রায় পৌনে একঘণ্টা সড়ক অবরোধ করেন।
নিহতের স্বামীর নাম আলাউদ্দিন। বাড়ি কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার বিলবাগমার গ্রামে।
সোমবার (১০ আগস্ট) সকাল সাড়ে ৭টা থেকে সোয়া ৮টা পর্যন্ত শ্রমিকরা সড়ক অবরোধ করে রাখেন।
স্থানীয়রা জানান, রঙিলা এলাকায় অবস্থিত প্যারাডাইস স্পিনিং মিলসের শ্রমিক রেনু আক্তার রাস্তা পারাপারের সময় ভ্যানের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ শ্রমিকরা রঙিলা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। পরে অতিরিক্তি পুলিশ গিয়ে শ্রমিকদের রাস্তা থেকে সরিয়ে দিলে যানচলাচল শুরু হয়।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন জানান, পরিস্থিতি শান্ত রয়েছে। ঘটনাটি কিভাবে ঘটলো তা খতিয়ে দেখা হচ্ছে।ৃ
