গাজীপুরে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ

প্রকাশিত: February 25, 2019 | সময়: 6:36 pm

কালীগঞ্জ ব্যুরো ॥
গাজীপুরঃ কালীগঞ্জ উপজেলার মোক্তারপুর ইউনিয়নের বড়হরা এলাকার আবুল বাশার (৫২) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ সংবাদ পাওয়া গেছে। এ ঘটনায় নিহতের পরিবারের ৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। সোমবার সকালে বড়হরা এলাকায় এমন মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। মোক্তারপুর ইউনিয়নের বড়হরা গ্রামে নিহত আবুল বাশার মৃত মফিজউদ্দিন শেখের পুত্র।
পুলিশ ও এলাকাবাসী জানায়, বড়হরা এলাকায় নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন আবুল বাশার। পাশের ঘরে তার পুত্র ইব্রাহীম ও তার স্ত্রী ছিলেন। ভোরে কে বা কারা তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। পরে তার পরিবার ও আশেপাশের লোকজন তাকে জখম অবস্থায় উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্র্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ নিহতের দুই পুত্র ইব্রাহীম ও মাহবুর রহমান, কন্যা তামান্না, ইব্রাহীমের স্ত্রী লিমা আক্তার ও পুত্রবধূ শারমিনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসেন।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রহমান জানান, নিহত আবুল বাশারের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের পরিবারের ৫ জনকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের সদস্যরা এ হত্যাকান্ডের সাথে জড়িত থাকতে পারে বলে পুলিশ ধারণা করছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।