জেলা প্রতিনিধি, চট্টগ্রাম ॥ রাজনৈতিক সংঘাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে অব্যাহত গাড়ি ভাঙচুর ও আগুন দেওয়ার প্রতিবাদে চট্টগ্রামে আগামী বুধ ও বৃহস্পতিবার পরিবহন ধর্মঘট ডেকেছে চট্টগ্রাম আন্ত:জেলা পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনগুলো।
সোমবার দুপুরে পরিবহন মালিক শ্রমিক সংগঠনের এক যৌথ সভায় এ কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এসব সংগঠনের নেতারা।
প্রসঙ্গত : গত কয়েকদিনের রাজনৈতিক সংঘাতে মহাসড়কের শুধু সীতাকুণ্ড উপজেলাতে শতাধিক ট্রাক-বাস ও কাভার্ডভ্যানে আগুন এবং ৫ শতাধিক গাড়ি ভাঙচুর করেছে নেতাকর্মীরা।
আন্ত:জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক কফিল উদ্দিন বলেন, রাজনৈতিক আন্দোলনের সাথে আমাদের কোনো সর্ম্পক নেই। আমরা কোনো রাজনীতি বুঝি না। আমরা পরিবহন ব্যবসায়ী। আন্দোলনের নামে পরিবহন শ্রমিকদের ওপর হামলা, গাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে মালিক-শ্রমিক যৌথভাবে বুধ ও বৃহস্পতিবার পরিবহন ধর্মঘট পালনের সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি জানান।

