স্টাফ রিপোর্টার ॥ হুসেইন মুহম্মদ এরশাদকে ‘বিশ্বাসঘাতক’ হিসেবে অভিহিত করে দেয়া বিবৃতিতে অনড় রয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদ। তিনি বিবৃতি প্রত্যাহার করেছেন বলে একটি সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদ নাকচ করে দিয়েছেন কাজী জাফরের ব্যক্তিগত সহকারী গোলাম মোস্তফা। তিনি মানবজমিনকে বলেন, কাজী জাফর আহমেদ তার নিজ স্বাক্ষরিত বিবৃতিতে অনড় রয়েছেন।
একটি মহল বিভ্রান্তি তৈরির জন্য নানা ধরনের বক্তব্য দিচ্ছেন। কাজী জাফর কিছুটা সুস্থ হলে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন। হাসপাতালে কাজী জাফরের সঙ্গে গতকাল বেলা সাড়ে ৩টার দিকে কথা বলে আরেকটি সূত্রও জানিয়েছে, কাজী জাফর আহমেদ তার বিবৃতিতে অনড় রয়েছেন। এইচ এম এরশাদের সর্বশেষ রাজনৈতিক অবস্থানের সমালোচনা করে শনিবার একটি বিবৃতি দেন প্রবীণ রাজনীতিবিদ কাজী জাফর আহমেদ।
ওই বিবৃতির পর জাতীয় পার্টির ভেতরে-বাইরে তোলপাড় সৃষ্টি হয়। তাকে দল থেকে বহিষ্কার করা হতে পারে বলেও প্রচারণা চালায় একটি মহল। কিন্তু রোববার সংবাদ সম্মেলনে এরশাদ কাজী জাফরের বক্তব্যকে ‘অভিমানপ্রসূত’ বলে উল্লেখ করে তার বিরুদ্ধে কোন ধরনের ব্যবস্থা নেয়ার সম্ভাবনা নাকচ করে দেন।
কাজী জাফর আমার ফ্যামিলি মেম্বার: এরশাদ
সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদকে নিজের পরিবারের সদস্য উল্লেখ করে জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ জানিয়েছেন তার বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হবে না। এরশাদকে বিশ্বাসঘাতক উল্লেখ করে কাজী জাফরের দেয়া বিবৃতি প্রকাশের পরের দিন এরশাদ এক অনুষ্ঠানে এসব কথা বলেন।
কাজী জাফর আহমদ গণমাধ্যমে এরশাদের সমালোচনা করে যে বিবৃতি পাঠিয়েছেন তা তার নিজের কিনা এ ব্যাপারে সন্দেহ পোষণ করেন এরশাদ। গতকাল দুপুরে বনানীতে জাতীয় পার্টির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এরশাদ বলেন, জাতীয় পার্টিতে কোন ভাঙন নেই। ওই বিবৃতি ওর (কাজী জাফরের) নিজের কিনা তা নিয়ে সন্দেহ আছে। তিনি বলেন, জাফর ওই বিবৃতি না দিলেও আমাদের সঙ্গে থাকবে, দিলেও থাকবে।
এরশাদ বলেন, আমরা একসঙ্গে আছি অনেক দিন ধরে। তিনি যদি অভিমান করে কোন কাজ করে থাকেন, সেটি আমাদের সম্পর্কে প্রভাব ফেলবে না। এরশাদ বলেন, জাতীয় পার্টি আগামীতে ক্ষমতায় আসবে। আমরা নির্বাচনে জন্য প্রস্তুত। ভবিষ্যতে নির্বাচনের নানা বিষয় নিয়ে নির্বাচনী ইশতেহার ঘোষণা করা হবে। ইশতেহারে কিভাবে সরকার ক্ষমতা হস্তান্তর করবে সে বিষয়েও নির্দেশনা থাকবে।

