বাংলাভূমি ডেস্ক ॥
টানা অনশনে সাভারের রানা প্লাজার শ্রমিক মাহমুদুল হাসান হৃদয় অসুস্থ হয়ে পড়েছেন।
বুধবার সকাল থেকে তৃতীয় দিনের মতো অনশন কর্মসূচি পালন করছেন হৃদয়। তার সঙ্গে যোগ দিয়েছেন বাকি বিল্লাহ নামে আরও এক শ্রমিক।
সোমবার বিকালে ধসে পড়া রানা প্লাজার সামনে ১১ দফা দাবিতে অনশনে বসেন হুদয়। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাওয়ারও ঘোষণা দিয়েছেন তিনি।
তার দাবিগুলো হচ্ছে, রানা প্লাজার ক্ষতিগ্রস্ত প্রত্যেককে ৪৮ লাখ টাকা দিতে হবে। এছাড়া ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন, আজীবন চিকিৎসা, ঘটনার দিনটিকে শোক দিবস ঘোষণা, হতাহত ও নিখোঁজ পরিবারের শিশুদের লেখাপড়া নিশ্চিত, দোষীদের সর্বোচ্চ শাস্তি, আসামিদের সম্পত্তি বাজেয়াপ্ত, আহত উদ্ধার কর্মীদের চিকিৎসা, স্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণ, হতাহত পরিবারের চিকিৎসা ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
অনশনরত হৃদয় জানান, রানা প্লাজা ধসের ছয় বছর পূর্তিতে তিনি নিজ উদ্যোগেই স্মৃতি বিজড়িত ভবনের সামনে অনশনে বসেছেন। দাবি আদায় হওয়া না পর্যন্ত তিনি এই অনশন চালিয়ে যাবেন।
অনশনের তিন দিন হলেও এখন পর্যন্ত সরকার পক্ষের কেউ খোঁজ খবর নেয়নি বলে জানান তিনি।
‘আমি অসুস্থ হয়ে পড়ছি। আমাকে স্যালাইন লাগানো হয়েছে। আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের যৌক্তিক দাবিগুলো যেনো মেনে নেন।’
প্রসঙ্গত, অনশনরত মাহমুদুল হাসান হৃদয় (৩২) রানা প্লাজার অষ্টম তলায় নিউ স্টাইল লিমিটেডে কাজ করতেন। বর্তমানে একটি ফার্মেসির দোকানে কাজ করেন।

