জলাবদ্ধতা সমস্যা নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হচ্ছেন মেয়র সাঈদ খোকন

প্রকাশিত: April 27, 2019 | সময়: 11:16 am

বাংলাভূমি ডেস্ক ॥
আসন্ন বর্ষায় জলাবদ্ধতা সমস্যা নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হতে যাচ্ছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। বর্ষায় জলাবদ্ধতা সমস্যা মোকাবেলায় কী কী প্রস্তুতি রয়েছে, আগামীতে স্থায়ী সমাধান কী হতে পারে-এ রকম নানা প্রশ্নের উত্তর দেবেন মেয়র।

‘আসন্ন বর্ষায় জলাবদ্ধতা সমস্যা মোকাবেলায় জনপ্রতিনিধিদের দায়িত্ব, নাগরিকদের করণীয়’ শীর্ষক মিট দ্য প্রেস আজ শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির তৃতীয় তলায় স্বাধীনতা হলে অনুষ্ঠিত হবে। ঢাকা ইউটিলিটি রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ডুরা) এই মিট দ্য প্রেস অনুষ্ঠানের আয়োজন করেছে।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায়।

ডুরার সভাপতি সাংবাদিক মশিউর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানটি পরিচালনা করবেন সংগঠনের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন রুবেল। এ ছাড়াও অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত থাকবেন।