যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: December 2, 2013 | সময়: 4:02 am

জেলা প্রতিনিধি, কুমিল্লা ॥ দাউদকান্দি উপজেলায় যুবদল নেতা জাহাঙ্গীর সরকারকে (৩৫) কুপিয়ে হত্যা করা হয়েছে।

রোববার রাত সোয়া ৯টার দিকে উপজেলার গৌরীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবদল নেতা জাহাঙ্গীর সরকার উপজেলার গৌরীপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক ও হাটচান্দিনা গ্রামের ফজর আলীর ছেলে বলে জানা গেছে।

এদিকে এ ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয়রা সজীব (২৩) নামে একজনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

নিহতের ভাই মানিক সরকার জানান, স্থানীয় আওয়ামী লীগের সজীব ও শাওন আমার ভাইকে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করেছে।

গৌরিপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আসাদুজ্জামান জানান, গৌরীপুরে একটি মাহফিলের ময়দানে বসাকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এক পর্যায়ে জাহাঙ্গীর সরকারকে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এঘটনায় স্থানীয়রা সজীব নামে একজনকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার সকালে জাহাঙ্গীর সরকারের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে বলে তিনি জানান।