কালীগঞ্জে মানবতার সেবায় নিয়োজিত ছায়া-প্রদীপ রক্তদান সংগঠন

প্রকাশিত: July 12, 2019 | সময়: 8:18 pm

মো. ইব্রাহীম খন্দকার ॥
গাজীপুর: ‘স্বেচ্ছায় হোক রক্তদান, আমার রক্তে বাঁচুক প্রাণ’ এ স্লোগানকে সামনে রেখে ২০১৭ সালের আগষ্ট মাসে স্কুল-কলেজের একদল তরুণ-তরুণী গড়ে তুলেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ছায়া-প্রদীপ’ রক্তদান সংগঠন। এ সংগঠনটি প্রতিনিয়ত কালীগঞ্জ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে শিক্ষার্থী, শিক্ষক ও সাধারণ জনগণদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করে থাকেন। এ পর্যন্ত উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ, গ্রাম ও বিভিন্ন উৎসব মেলাগুলোতে এ সংগঠনটি ২৮টি স্থানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন করে প্রায় ৬ হাজারের বেশি মানুষদের তাদের রক্তের গ্রুপ জানাতে সক্ষম হয়েছে। ২৫ জন তরুণ-তরুণীদের সমন্বয়ে গঠিত স্বেচ্ছাসেবী এ সংগঠনটি কারো রক্তের প্রয়োজন হলে এ সংগঠনের সদস্যরা রক্তের ব্যবস্থা করে দেন। জরুরী মুর্হুতে বিভিন্ন হাসপাতালে প্রতি মাসে গড়ে একশ ব্যাগ রক্ত বিনামূল্যে তারা প্রদান করে আসছে।

স্বেচ্ছায় রক্তদান ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ছাড়াও এ সংগঠনের সদস্যরা রক্তদানে মানুষদের উৎসাহিত করে থাকেন। এছাড়া গর্ভবতী মায়েদের রক্তের প্রয়োজন হলে বা জানলে তারা দুইজন রক্তদাতা ওই গর্ভবতী নারীর জন্য প্রস্তুত রাখেন। ছায়া-প্রদীপ রক্তদান সংগঠনটি বিভিন্ন জনসচেতনতামূলক কর্মকান্ডের পাশাপাশি পরিস্কার-পরিচ্ছন্ন কালীগঞ্জ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।

শুক্রবার সকালে এ সংগঠনের উদ্যোগে উপজেলার বক্তারপুর ইউনিয়নের ফুলদী জনতা উচ্চ বিদ্যালয়ে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ক্যাম্পেইন করা হয়। এলাকার ১৭০ জন নারী-পুরুষ, শিশু, যুবক-যুবতীদের বিনামূল্যে তাদের রক্তের গ্রুপ নির্ণয় করে দেন মানবতার সেবায় নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠন ছায়া-প্রদীপ রক্তদান সংগঠনটি। ফুলদী জনতা উচ্চ বিদ্যালয়ে ক্যাম্পেইনে সংগঠনের যারা উপস্থিত থেকে আত্মমানবতায় কাজ করেছেন তারা হলেন, তাইজুল ইসলাম, নিজামউদ্দিন, জহিরুল ইসলাম, মুশফিকুল ইসলাম, সুমাইয়া আক্তার, শাওন ইসলাম, নাঈমুল ইসলাম, মুস্তাকিম, নুসরাত নিসাসহ আরও অনেকে।

ছায়া-প্রদীপ রক্তদান সংগঠনের প্রতিষ্ঠাতা কিবরিয়া রাব্বি বলেন, আত্মমানবতায় মানুষের সেবায় এ সংগঠনের প্রতিটি সদস্য কাজ করে থাকেন। রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তদানে আমাদের সংগঠনকে কোনো টাকা-পয়সা দিতে হয় না। আমরা সামাজিক দায়বদ্ধতা থেকে সমাজের মানুষের সেবায় সবর্দা নিয়োজিত থাকি।