স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর জেলায় ৬০ হাজার ৩১২.৬০ মেট্রিক টন মাছের চাহিদার বিপরীতে বর্তমানে উৎপাদন হচ্ছে ৫১ হাজার ৪৩৪ মেট্রিক টন। ফলে জেলায় মাছের ঘাটতি রয়েছে ৮ হাজার ৮৭৮ মেট্রিক টন। বুধবার সকালে জাতীয় মৎস সপ্তাহ উপলক্ষে জেলা মৎস অধিদপ্তরের উদ্যোগে গাজীপুর প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ তথ্য জানিয়েছেন জেলা মৎস কর্মকর্তা জিয়া হায়দার চৌধুরী।
তিনি জানান, গাজীপুরে ১৫ হাজার পুকুর, ২৩ হাজার ২১৫ হেক্টর প্লাবণ ভূমি, ১০টি নদী, ১১৩টি খাল, ৩৬৮টি বিল, তিনটি হ্যাচারী, ১০৩টি বে সরকারি নার্সারী, ৩৯টি মৎস উৎপাদন কারখানা, ১০৩টি মৎস আড়ৎ, ১৫৬টি মৎস বাজার এবং জেলায় ৭ হাজার ১২২ জন জেলে রয়েছে।
এত বিশাল জলাধার থাকার পরও জেলায় মাছের ঘাটতি কেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কাগজে কলমে খাল, নদী, বিল, পুকুর থাকলেও বাস্তবে তা নেই। কারণ এসব খাল, বিল, পুকুর অনেক ভরাট হয়ে গেছে। অপরিকল্পিত শিল্পায়নের ফলে গাজীপুরের বিভিন্ন উপজেলায় শিল্প কল কারখানার বিষাক্ত বর্জ্য সরাসরি নদীতে ফেলছে। ফলে মাছের প্রাকৃতিক প্রজনন ও বিচরণক্ষেত্র দিন দিন কমে যাচ্ছে। এতে মাছের উৎপাদন ব্যাহত হচ্ছে।
তিনি আরো জানান, গাজীপুরে কালিয়াকৈরে ২টি মাছের অভয়আশ্রম থাকলেও জেলার ৫টি উপজেলায় মাছের অভয় আশ্রম তৈরী পরিকল্পনা রয়েছে।
এ ঘাটতি মোকাবেলা করে মাছে জেলাকে মৎস সম্পদে সয়ংসম্পূর্ণ করার সর্বাত্বমক প্রচেষ্টা চলছে বলে তিনি জানান।
গাজীপুর প্রেসক্লাবের সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ সামসুল হক রিপনের সঞ্চালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মৎস অধিদপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মোঃ সাখাওয়াৎ হোসেন ভূইয়া, সিনিয়র উপজেলা মৎস কর্মকর্তা জান্নাতুল শাহীন, উপ সহকারী পরিচালক মার্জিয়া কবির প্রমুখ।

