বাংলাভূমি ডেস্ক ॥
ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ প্রতিরোধে বিশেষ প্রাথমিক সেবা পক্ষ চালু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। এই প্রাথমিক সেবা পক্ষের উদ্যোগে গত ৩ দিনে মোট ১১ হাজার ৩৪২ জন রোগীকে স্বাস্থ্য সেবা দিয়েছে সংস্থাটি।
বুধবার বিগত ৩ দিনের স্বাস্থ্য সেবার হিসেব পর্যালোচনা করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন জনসংযোগ কর্মকর্তা উত্তম কুমার রায় জানান, গত ২১ জুলাই সেবা দেওয়া রোগীর সংখ্যা ছিল ৩৫২৬ জন, ২২ জুলাই ছিল ৪৪৪৬ জন এবং ২৩ জুলাই প্রাথমিক স্বাস্থ্য সেবা দেয়া হয়েছে ৩৭৬০ জন রোগীকে।
এছাড়া কল সেন্টারে এই ৩ দিনে মোট এসএমএস এসেছে ৬৫৮টি। ফোন কল অনুযায়ী আসা হয়েছে ১২২ জন রোগীকে এবং মোবাইলে পরামর্শ দেয়া হয়েছে ৪৭১ জনকে।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) হটলাইন ০৯৬১১-০০০৯৯৯ নম্বর চালু আছে। এখানে নাগরিকরা ফোন করলে স্বাস্থ্যকর্মীরা সেই নাগরিকের বাসায় চলে যাবেন। এছাড়া ৬৭টি মেডিকেল টিম গঠন করেছে ডিএসসিসি। বিভিন্ন এলাকায় ৪৭৬টি শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানে স্বাস্থ্যকর্মীরা অবস্থান করছেন। সেই সঙ্গে বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছেন। এছাড়া ডিএসসিসির ৫৭টি ওয়ার্ডের ২৫ হাজার বাসায় পরিদর্শক টিম, পরিচ্ছন্নতা টিম ও স্বাস্থ্য টিমের প্রতিনিধিরা বাসা-বাড়িতে যাচ্ছেন। যে বাসায় এডিস মশার লার্ভা পাওয়া যাবে, প্রতিনিধিরা গিয়ে তা ধ্বংস করে দেবে।
এদিকে গত সোমবার ডেঙ্গু আক্রান্ত রোগীদের দেখতে শিশু হাসপাতালে গিয়ে মেয়র সাঈদ খোকন বলেছিলেন, নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। পাশাপাশি লার্ভা ধ্বংস করা হবে।
এরই ধারাবাহিকতায় গতকাল নির্মাণাধীন ভবনে ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার লার্ভা পাওয়ায় নির্মাতা এক প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। এর বাইরে আরও আটটি নির্মাণাধীন ভবন প্রাঙ্গণে এডিসের লার্ভা ধরা পড়ায় আরও ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
দক্ষিণ সিটি কর্পোরেশন জানিয়েছে, তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মঙ্গলবার মোট ৬৮টি নির্মাণাধীন বাড়িতে গিয়ে পরীক্ষা করে ১০টিতে এডিসের লার্ভা পেয়েছেন। এ কর্মসূচির আওতায় সিটি কর্পোরেশনের কর্মীরা মঙ্গলবার পর্যন্ত এক হাজার ৪০০ বাড়িতে গিয়ে ডেঙ্গু মশার প্রজননস্থল ধংস করেছে বলে জানিয়েছে তারা।
অন্যদিকে নগরবাসীদেরকে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ সংক্রান্ত পরামর্শ প্রদানের লক্ষ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) গুলশানস্থ নগর ভবনে একটি কল সেন্টার চালু করা হয়েছে।
আজ থেকে চালু হওয়া কল সেন্টারটির নম্বর ০১৯৩২-৬৬৫৫৪৪। এই নম্বরে যে কেউ ফোন করে ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ সম্পর্কে চিকিৎসকের পরামর্শ গ্রহণ করতে পারবেন। ডিএনসিসির কল সেন্টারটিতে দিন-রাত ২৪ঘন্টা চিকিৎসকগণ ডেঙ্গু ও চিকুনগুনিয়া রোগ সম্পর্কে পরামর্শ প্রদান করবেন।

