বঙ্গবন্ধুর আদর্শে শিশুদের গড়ে তুলতে হবে : মেয়র জাহাঙ্গীর আলম

প্রকাশিত: August 26, 2019 | সময়: 9:10 pm

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র এ্যাড. মুহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা এনে দিয়েছেন। বঙ্গবন্ধুর আদর্শের পথ ধরেই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভিশন ২০২১ ও ভিশন ২০৪১ ঘোষণা দিয়েছেন। আজকে যারা শিশু তারাই ২০৪১ সালে সমাজের বিভিন্ন ক্ষেত্রে নেতৃত্ব দিবে। তাই এখন থেকেই তাদের বঙ্গবন্ধুর আদর্শে গড়ে তুলতে হবে। যাতে ভবিষ্যতে তারা সঠিক নেতৃত্ব দিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে পারে।

সোমবার বিকেলে বঙ্গবন্ধু পরিষদ গাজীপুর জেলা শাখা উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসনের নাটমন্দিরে বঙ্গবন্ধু পরিষদের জেলা শাখার সভাপতি প্রফেসর ড. মো. আব্দুল মান্নান আকন্দের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন অধ্যাপক মো. আসাদুজ্জামান চৌধুরী, পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল হাদী শামীম, জিপি এ্যাড. আমজাদ হোসেন বাবুল, অধ্যাপক মুকুল কুমার মল্লিক, অধ্যক্ষ মহিউদ্দিন মহি, মো: সিরাজুল ইসলাম জানু, প্রতাপ কুমার গোপ প্রমুখ।