পুলিশের গাড়িতে হামলা, ওসিসহ আহত ৩০

প্রকাশিত: December 10, 2013 | সময়: 4:43 am

জেলা প্রতিনিধি, রাজশাহী ॥ জামায়াত-শিবিরের ডাকা হরতাল ও ১৮ দলের ডাকা অবরোধে পুলিশের গাড়িতে হামলার চালিয়েছেন শিবিরকর্মীরা। এসময় শিবিরকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে ৪ পুলিশ সদস্যসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার সকালে রাজশাহী মহানগরীর মতিহার থানার কদমতলা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ সদস্যরা হলেন রাজশাহী মহানগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ, পুলিশের কনস্টেবল মিজান, রেজাউল করিম ও মিরাজ। তাদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মহানগরীর মতিহার থানার বিনোদপুর কদমতলা এলাকায় শিবিরকর্মীরা মিছিল বের করে রাস্তা অবরোধের করে। এসময় পুলিশের একটি গাড়ি সেখানে গেলে শিবিরকর্মীরা ওই গাড়ি লক্ষ্য করে ৩০ থেকে ৪০টি ককটেল ও ইট-পাটকেল নিক্ষেপ করে।

এসময় শিবিরকর্মীদের হামলায় গাড়িতে থাকা মতিহার থানার ওসি আবদুল মজিদসহ ৪ পুলিশ সদস্য আহত হন। কিছুক্ষণ পরে আরো পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে শিবিরকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়।

প্রায় ঘণ্টাব্যাপি চলা এ সংঘর্ষে বিনোদপুর ও আশেপাশের এলাকায় রণক্ষেত্রে পরিণত হয়। শিবিরকর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ শতাধিক রাউন্ড রাবার বুলেট, টিয়ার শেল নিক্ষেপ করে।
এতে পুলিশ সদস্য ছাড়া আরো ৩০ জন আহত হয়েছেন।

সংঘর্ষে ৫ শিবিরকর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছেন শিবির নেতাকর্মীরা।

রাজশাহী মহানগর পুলিশ কমিশনার ব্যারিস্টার মাহবুবুর রহমান জানান, সংঘর্ষের পরে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।