গাজীপুরে মন্দিরে প্রতিমা ভাংচুর

প্রকাশিত: September 9, 2019 | সময়: 6:07 pm

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর সদর উপজেলার মনিপুর নামাপাড়া এলাকায় দূবৃর্ত্তরা এক মন্দিরের কয়েকটি প্রতিমা ভেঙ্গে দিয়েছে। রোববার মধ্যরাতে স্থানীয় নাট বারোয়ারী দূর্গা মন্দিরে এ ঘটনা ঘটে। সোমবার সকালে পুলিশ ও র‌্যাব সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে।

মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক সুধাংশু কুমার দেবনাথ জানান, প্রতি রোববার হরিসভা অনুষ্ঠিত হয়। এ রোববার রাত একটা পর্যন্ত মন্দিরে হরিসভা অনুষ্ঠিত হওয়ার পর সকলে চলে যান। সোমবার সকালে পূণ্যার্থীরা মন্দিরে গিয়ে বাঁশের দরজা খোলা দেখে। পরে মন্দিরের ভেতরে ঢুকে সেখানে থাকা লক্ষ্মী, দূর্গা, কার্তিক, স্বরস্বতী, মহিষ ঠাকুরসহ ছোট-বড় কয়েকটি প্রতিমা ভাংচুর অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে। তিনি আরও বলেন, কে-বা কারা এ কাজ করেছে তা ধারণা করতে পারছে না। আগে পরে এ সংক্রান্ত কারো সঙ্গে কোন বিরোধও ছিল না।

জয়দেবপুর থানার ওসি মো: জবেদ আলী জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে। এ ব্যাপারে মামলা প্রক্রিয়াধীন।