স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর: শ্রীপুর অবৈধভাবে সিএনজি গ্যাসের অননুমোদিত বাণিজ্যিক ব্যবহার ও বিক্রির দায়ে এক সিএনজি স্টেশনকে ৮০ হাজার টাকা অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার ভোর রাতে মাওনা এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে (মাওনা হাইওয়ে থানা সংলগ্ন) অবস্থিত পুলক সিএনজি স্টেশনকে এ অর্থদন্ড দেয়া হয়।
গাজীপুর জেলা প্রশাসকের সার্বিক দিক নির্দেশনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ শামসুল আরেফীন। এ সময় তার সাথে থেকে সহযোগীতা করেন শ্রীপুর মডেল থানা পুলিশ।
ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, শনিবার ভোর রাতে পুলক সিএনজি স্টেশন হতে অবৈধভাবে অননুমোদিক সিএনজি গ্যাসের বাণিজ্যিক ব্যবহার তথা বিক্রির সময় হাতেনাতে ধরা হয়। এ সময় কাভার্ড ভ্যানের ভিতর স্থাপিত শতাধিক সিলিন্ডারে অবৈধভাবে সিএনজি গ্যাস বিক্রয় করছিলেন পুলক সিএনজি স্টেশনের ক্যাশিয়ার মো: আবু বকর সিদ্দিক। পরে তাকে হাতেনাতে আটক করে বাংলাদেশ গ্যাস আইন, ২০১০ এর ১১(২)(খ) ধারায় ৮০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকতা শেখ শামসুল আরেফিন জানান, মহামূল্যবান গ্যাসের অসাধু উপায়ে ব্যবহার রোধে সকলের সহয়োগীতা প্রয়োজন। অবৈধভাবে অননুমোদিত সিএনজি গ্যাস বিক্রি প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের এমন অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

