প্রেস বিজ্ঞপ্তি ॥ ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ(টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) গাজীপুর এর উদ্যোগে গত ৯ ডিসেম্বর সকালে নানা কর্মসূচীর মধ্য দিয়ে গাজীপুরে “আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস’১৩” উদযাপিত হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল মানববন্ধন, আলোচনাসভা এবং সংবিধান পরিপন্থী সংশোধিত দুদক আইনের কালো ধারার (জজ, ম্যাজিস্ট্রেট এবং সরকারী কর্মচারীর বিরুদ্ধে কোনো মামলা দায়েরের পূর্বে সরকারের কাছ থেকে পূর্বানুমতির বিধান দুদকের জন্য বাধ্যতামূলক করা হয়েছে) বিরুদ্ধে টিআইবি’র অবস্থানপত্র সম্পর্কে সচেতনতামূলক প্রচারণা। এ উপলক্ষ্যে সকালে শহরের বিআইডিসি সড়কে মানববন্ধন এবং সনাক কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করা হয়। সনাক সভাপতি অধ্যাপক মোঃ শহীদ উল্যার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মুকুল কুমার মল্লিক, সনাক সদস্য মাসুদুর রহমান, মোঃ এনামুল হক, জিমি পারভীন, মোশাররফ হোসেন, টিআইবি’র এরিয়া ম্যানেজার মোঃ রাশিদুজ্জামান(লিটন)সহ উপস্থিত অন্যান্য ব্যক্তিবর্গ। সভায় আলোচকগণ উল্লেখ করেন যে, বর্তমান সরকারের শেষ সময়ে ‘দুর্নীতি দমন কমিশন আইন (সংশোধিত)’২০১৩ পাস হওয়ায় বাংলাদেশে দুর্নীতিবিরোধী কার্যক্রম চরমভাবে বাঁধার সম্মুখীন হবে এবং সরকারের দুর্নীতিবিরোধী অবস্থান প্রহসনমূলক হিসেবে প্রতিবাদ হয়েছে। তাছাড়া, তড়িঘড়ি করে পাশ করা সংশোধনীটি সংবিধানের সাথে সাংঘর্ষিক, বৈষম্যমূলক এবং জাতিসংঘের দুর্নীতিবিরোধী সনদের সদস্য রাষ্ট্র হিসেবে বাংলাদেশ প্রদত্ত প্রতিশ্রুতির লঙ্ঘন বলেও তারা মন্তব্য করেন । তারা একটি স্বাধীন, নিরপেক্ষ ও কার্যকর দুর্নীতি দমন কমিশন প্রতিষ্ঠার দাবিতে অতি দ্রুত সংবিধান পরিপন্থী ও বৈষম্যমূলক সংশোধিত দুদক আইনের কালো ধারা বাতিলের দাবী জানান। পাশাপাশি তারা দেশের সচেতন ও দায়িত্বশীল নাগরিক, গণমাধ্যম এবং সুশীল সমাজসহ বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানকে দুর্নীতি প্রতিরোধে সোচ্চার হওয়ার জন্য আহবান জানান।

