গাজীপুর গাছায় ১৫৩৩ বোতল ফেন্সিডিলসহ আটক ২

প্রকাশিত: September 22, 2019 | সময়: 7:54 pm

স্টাফ রিপোর্টার ॥
গাজীপুর মহানগরীর গাছা থানা বোর্ড বাজার এলাকা থেকে অভিনব কায়দায় ট্রাকের মাধ্যমে মাদক পরিবহনকালে ১৫৩৩ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১ এর সদস্যরা।

র‌্যাব-১ সূত্রে জানা যায়, শনিবার মহানগরের গাছা থানাধীন বোর্ড বাজারস্থ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পার্শ্বে রাস্তার উপর অভিযান চালানো হয়। অভিযানে আন্তঃ জেলা মাদক ব্যবসায়ী চক্রের সদস্য দিনাজপুর বিরামপুর মির্জাপুর এলাকার মো: আব্দুর রহমানের পুত্র মো: বিল্লাল হোসেন (৩৮), শফীরুদ্দীনের পুত্র মো: মানিক রতন (২৯) কে আটক করে র‌্যাব। এ সময় আটককৃতদের চালিত ট্রাক থেকে ১৫৩৩বোতল ফেন্সিডিল ও ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।

র‌্যাব-১ এর বরাদ নিয়ে জানা যায়, বিল্লাল পেশায় একজন ট্রাক চালক। সে প্রায় ১৫ বছর যাবত ট্রাক চালনার পাশাপাশি মাদক ব্যবসার সাথে জড়িয়ে পড়েছে। সে এই ফেন্সিডিলের চালানটি দিনাজপুর জেলার বিরামপুর সীমান্তবর্তী এলাকা হতে রাজধানীর এক মাদক ব্যবসায়ীর কাছে সরবরাহ করার কথা ছিল। চালান প্রতি মাদক ব্যবসায়ীরা বিল্লালকে ৬০ হাজার ও মানিককে ১৫ হাজার টাকা দিতেন বলে জানায় তারা।

র‌্যাব জানায়, মাদকমুক্ত দেশ গড়ার লক্ষ্যে চলমান মাদক বিরোধী অভিযানের ধারাবাহিকতায় র‌্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল গোয়েন্দা সূত্রের মাধ্যমে মাদক ব্যবসায়ী সিন্ডিকেটদেরকে আটক করা হচ্ছে। মাদক পরিবহনে যাত্রীবাহী বাস, মৌসুমী শাক-সবজি বহনকারী ট্রাক, আম, ধান, গম, ভূট্টা ইত্যাদি পরিবহনকারী গাড়ি ব্যবহার করছে বলে বলে জানা যায়। উদ্ধারকৃত মাদকদ্রব্য এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।