বাংলাভূমি ডেস্ক ॥
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় ভিসি নিন্দা জানিয়েছেন।
রোববার এক বিবৃতিতে এ নিন্দা জানান উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসির উদ্দিন।
ভিসির পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের মধ্যেই গত শনিবার দুপুরে শিক্ষার্থীদের ওপর পাঁচ স্থানে হামলার ঘটনা ঘটে। এতে ৩০ শিক্ষার্থী আহত হন।
ভিসির নির্দেশেই আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে বলে অভিযোগ তোলেন সদ্য পদত্যাগ করা সহকারী প্রক্টর মো. হুমায়ুন কবির।
এর পরই ভিসি নাসির উদ্দিন গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানান।
বিবৃতিতে বলা হয়, শনিবার বিশ্ববিদ্যালয় বন্ধ ও হলত্যাগের নির্দেশের পর বিশ্ববিদ্যালয়ের দুই কিলোমিটার দূরে শিক্ষার্থীদের ওপর হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। কোনো সহিংসতা না করার জন্য আন্দোলনরত শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ জানাই। শিক্ষার্থীদের প্রতি সমবেদনা জানাচ্ছি।
এতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ে আমার সৃষ্ট ছাত্রকল্যাণ ফান্ড থেকে নিয়ম মতো তাদের চিকিৎসার সব ব্যয়ভার বহন করা হবে। এ লক্ষ্যে তিন সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাঁচ কার্যদিবসের মধ্যে তারা রিপোর্ট দিলে আমরা ব্যবস্থা গ্রহণ করব। সংশ্লিষ্ট সবার মিউচুয়াল রেসপেক্ট ও ধৈর্য কামনা করছি।
এর আগে উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসির উদ্দিনের নির্দেশে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা হয়েছে বলে অভিযোগ তোলেন সদ্য পদত্যাগ করা সহকারী প্রক্টর মো. হুমায়ুন কবির।
রোববার তিনি সাংবাদিকদের বলেন, সরাসরি ভিসি খোন্দকার মো. নাসির উদ্দিন ও প্রশাসনের কাছ থেকে এ হামলার নির্দেশ এসেছে।
তবে এ অভিযোগ অস্বীকার করে ভিসি নাসির উদ্দিন পাল্টা অভিযোগ করে বলেন, শিক্ষার্থীদের আন্দোলনে উসকানি দিতে এমন বক্তব্য দিচ্ছেন ওই শিক্ষক।
প্রসঙ্গত বিশ্ববিদ্যালয় নিয়ে ফেসবুকে লেখার জেরে ১১ সেপ্টেম্বর আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ফাতেমা-তুজ-জিনিয়াকে সাময়িক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উপাচার্যের বিরুদ্ধে সমালোচনার ঝড় ওঠে।
বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চেয়ারম্যানসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপাচার্য বরাবর জিনিয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার চেয়ে একটি লিখিত আবেদন করেন।
উপাচার্য বহিষ্কারাদেশ তুলে নেন। তবে শিক্ষার্থীরা উপাচার্যের পদত্যাগের দাবিতে জোর আন্দোলন গড়ে তোলেন।

