ভোট চুরি করে বর্ষসেরা বানানো হয়েছে মেসিকে?

প্রকাশিত: September 26, 2019 | সময়: 7:06 pm

স্পোর্টস ডেস্ক ॥
কিছুটা চমক জাগিয়েই এবার ফিফার বর্ষসেরা ‘দ্য বেস্ট’ পুরস্কার জিতেছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। বর্ষসেরা ফুটবলারের পুরস্কারের ক্ষেত্রে এতদিন এক অঘোষিত নিয়মই পালন করে আসছিল ফিফা। যেটি এবার বদলে গেছে।

চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলের কোনো সেরা পারফরমারের হাতেই সাধারণত এই পুরস্কারটা তুলে দিতো ফিফা। শুধু তাই নয়, ইউরোপিয়ান বর্ষসেরা পুরস্কার যার হাতে ওঠে, আগেভাগেই ধরে নেয়াই হতো ফিফা বর্ষসেরার পুরস্কারও জিততে যাচ্ছেন তিনি।

কিন্তু এবার হলো অন্যরকম। ভিরগিল ফন ডিক আর ক্রিশ্চিয়ানো রোনালদোকে পেছনে ফেলে ফিফা বর্ষসেরার পুরস্কার জিতলেন লিওনেল মেসি, ইউরোপিয়ান বর্ষসেরা কিংবা চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলের কেউ না হয়েও।

মেসি এবার এই পুরস্কার জেতার পর থেকেই চারদিকে নানা বিতর্ক। অনেকেই মনে করছেন, বানিজ্যিক দিক আর জনপ্রিয়তা বিবেচনায় এনে এবার পক্ষপাতিত্ব করেছে ফিফা। সেটা ছিল ধারণা। এবার তো গুরুতর অভিযোগ তুললেন ফুটবল দুনিয়ার বেশ কয়েকজন!

সুদান জাতীয় দলের কোচ ড্রাভকো লোগারুসিচ তাদের একজন। তিনি জানিয়েছেন, ফিফা বর্ষসেরার এ পুরস্কারে প্রথম পছন্দ হিসেবে ভোট দিয়েছিলেন মিসরীয় তারকা মোহাম্মদ সালাহকে। কিন্তু সুদান কোচ পরে জানতে পারেন, তার ভোটটা পড়েছে মেসির বাক্সে। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভোটের ফরমের ছবিও প্রকাশ করেছেন এ কোচ।

নিকারাগুয়ার দলের অধিনায়ক হুয়ান বারেরা বলেন, ‘আমি মেসিকে ভোট দেইনি। কিন্তু যারা মেসিকে ভোট দিয়েছেন, সেই অধিনায়কের লিস্টে আমার নাম দেখে অবাক হলাম। জানি না কিভাবে এটা সেখানে গেল।’

একইরকম অভিযোগ মিসর ফুটবল অ্যাসোয়িয়েশনের পক্ষ থেকেও এসেছে। তারা জানিয়েছে, মিসরের কোচ সাকি ঘারিব আর অধিনায়ক আহমেদ ইলমোহাম্মাদি দুজনই প্রথম ভোট দিয়েছেন স্বদেশি তারকা মোহাম্মদ সালাহকে, কিন্তু তাদের ভোট গণনাই করা হয়নি।