সবসময়ে আমাদের অনুভূতিতে থাকেন শেখ হাসিনা

প্রকাশিত: September 28, 2019 | সময়: 1:10 pm

বাংলাভূমি ডেস্ক ॥
প্রায় এক দশক ধরে জন্মদিনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে সশরীরে শুভেচ্ছা জানাতে পারেন না দলীয় নেতাকর্মীরা। প্রধানমন্ত্রী হিসেবে গত ১০ বছর জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে দেশের বাইরে অবস্থান করেন তিনি। এতে দলীয় নেতাকর্মীদের মাঝে কোনো মান-অভিমান নেই বরং তাদের অনুভূতিতেই তিনি থাকেন।

আওয়ামী লীগ সভাপতি হিসেবে নব্বই দশকের শুরুতে দেশে প্রত্যাবর্তন করেন শেখ হাসিনা। দেশে ফেরার পর রাজনৈতিক নানা চড়াই-উৎরাই পেরিয়ে টানা তৃতীয় বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। সব মিলিয়ে চতুর্থবার প্রধানমন্ত্রী।

আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন প্রায় ৩৮ বছর। তিনি যখন দেশে ফেরেন তখন ছাত্রলীগের একজন কর্মী ছিলেন খালিদ মাহমুদ চৌধুরী। বর্তমানে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

নব্বই দশকে ছাত্রলীগের কেন্দ্রীয় রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন খালিদ মাহমুদ চৌধুরী। শেখ হাসিনা দেশে ফেরার পর জন্মদিন পালন সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, তিনি (শেখ হাসিনা) যখন দেশে প্রত্যাবর্তন করেন তখন পুরো বাংলাদেশ অন্ধকার সমুদ্রে নিমজ্জিত। তখন জন্মদিন পালন করার মতো অবস্থা বাংলাদেশে ছিল না। তখন বাংলাদেশ একটা বিধ্বস্ত একটা উপত্যকা ছিল। সেই জায়গা থেকে আমরা যে আলোর সংগ্রাম করেছি তার নেতৃত্ব। প্রতিটি সংগ্রামে, প্রতিটি পরতে পরতে আমাদের রক্ত ঝরেছে- একটি সুন্দর সম্ভাবনার জন্য, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার জন্য।

তিনি বলেন, আজকে তার নেতৃত্বে বাংলাদেশ সেই মর্যাদা এবং অহংকারের জায়গায় অধিষ্ঠিত হয়েছে। এই রকম পর্যায়ে প্রধানমন্ত্রীর জন্মদিনকে আমরা উদযাপন করব, এটা খুব স্বাভাবিক। সমগ্র বাংলাদেশ অহংকারের সঙ্গে জন্মদিন উদযাপন করবে।

বিগত এক দশক প্রধানমন্ত্রী দেশে থাকছেন না। দলীয় নেতাকর্মীরা শেখ হাসিনাকে জন্মদিনে শুভেচ্ছা জানানোর সুযোগ পায় না, সে সম্পর্কে তিনি বলেন, আমরা কোথায় থাকি না থাকি এটা বড় বিষয় নয়। আমাদের সম্পর্কটা তো এই রকম নয়। প্রতিদিন প্রতিক্ষণ তিনি আমাদের অনুভূতির মধ্যে থাকেন। আমরা তো তাকে ধারণ করি। এখানে আদর্শিক এবং নেতৃত্বের অবস্থানটাই বড় কথা।