প্রোটিয়া অলরাউন্ডারকে কোচ হিসেবে পেল আফগানিস্তান

প্রকাশিত: September 28, 2019 | সময়: 1:17 pm

স্পোর্টস ডেস্ক ॥
ভারপ্রাপ্ত কোচ নিয়ে বাংলাদেশ সফরে এসেছিল আফগানিস্তান। সেই কোচের পরিকল্পনায় একমাত্র টেস্টে সাকিব বাহিনীকে নাস্তানাবুদ করে তারা।

এরপর ত্রিদেশীয় সিরিজেও বেশ ভালো খেলে ফাইনালে ওঠে আফগানিস্তান। তবে বৃষ্টি বাগড়ায় সে ম্যাচে বলই গড়ায়নি।

একরাশ হতাশা নিয়েই দেশে ফেরেন রশিদ খানরা। এবার সেই হতাশা ঘুচল তাদের। নতুন হেড কোচ পেল তারা।

উল্লেখ্য, গত বিশ্বকাপের পরপরই ক্যারিবীয় কোচ ফিল সিমন্সের সঙ্গে আফগানদের চুক্তি শেষ হয়। এরপরই নতুন কোচ খুঁজতে থাকে তারা।

যদিও এখন পর্যন্ত ভারপ্রাপ্ত কোচের অধীনেই বেশ দাপট দেখিয়েছে রশিদ খানরা।

তবে এবার নতুন কোচ নিয়োগ দিল আফগানিস্তান ক্রিকেট বোর্ড।

প্রায় ৫০ প্রার্থীকে বাছাই করে দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক প্রোটিয়া অলরাউন্ডার ল্যান্স ক্লুজনার।

আগামী নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়েই রশিদ খানদের কোচ হিসেবে অভিষেক ঘটবে ল্যান্স ক্লুজনারের।

আফগান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী লুৎফুল্লা স্টানিকজাই বলেছেন, ‘বিশ্ব ক্রিকেটে ক্লুজনার খুবই বড় নাম। ব্যাটে-বলে সমান দক্ষ তিনি। তার খেলোয়াড়ি এবং কোচিং ক্যারিয়ার থেকে আমাদের ক্রিকেটাররা অবশ্যই অনেক কিছু শিখবে।’

টি-টোয়েন্টিতে টানা ১২ জয়ের রেকর্ডধারী আফগানিস্তান ক্রিকেট দলের কোচ হতে পেরে উচ্ছ্বসিত ল্যান্স ক্লুজনার।

নতুন দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, ‘আমি খুবই উচ্ছ্বসিত এবং সম্মানিত বোধ করছি। বর্তমান ক্রিকেটের সবচেয়ে প্রতিভাবান কিছু ক্রিকেটার রয়েছে আফগান দলে। তাদেরকে নিয়ে কাজ করার সুযোগ পেয়ে আমি আনন্দিত। আমি বিশ্বাস করি,ভালো পরিকল্পনা করে আগালে আফগানিস্তান দলকে বিশ্বের সেরা দলের কাতারে আনা সম্ভব।’

আফগান দলে বেশ কয়েকজন প্রতিশ্রুতিবদ্ধ বিশ্বমানের খেলোয়াড় আছে মন্তব্য করে ক্লুজনার বলেন, আমি রশিদ খানদের সঙ্গে কাজ করতে মুখিয়ে আছি।

প্রসঙ্গত বর্তমানে দক্ষিণ আফ্রিকার টেস্ট ও টি-২০ দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন ল্যান্স ক্লুজনার। এছাড়া জিম্বাবুয়ের বোলিং কোচ, আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের বোলিং কোচ, বিপিএলে রাজশাহী কিংসের প্রধান কোচ হিসেবেও কাজ করেছেন তিনি। দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল একাডেমি ও দক্ষিণ আফ্রিকার ঘরোয়া লিগের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন এই সাবেক অলরাউন্ডার।