স্পোর্টস ডেস্ক ॥
গেল ৫০ বছরে ইংল্যান্ডের সেরা পারফরম্যান্স নির্বাচনে ভোটের আয়োজন করেছিল প্রফেশনাল ক্রিকেটার্স অ্যাসোসিয়েশন (পিসিএ)। এক হাজারের বেশি সমর্থকের ভোটে এ তালিকায় শীর্ষ দুটি স্থানে জায়গা পেয়েছে বেন স্টোকসের পারফরম্যান্স। খুবই অনুমেয়, পারফরম্যান্স দুটি হচ্ছে হেডিংলি ও লর্ডসে খেলা তার বীরোচিত ইনিংস।
পিসিএ অ্যাওয়ার্ডের ৫০তম জন্মবার্ষিকী উপলক্ষে জরিপটি যৌথভাবে চালায় পিসিএ ও ন্যাটওয়েস্ট। বুধবার রাতে লন্ডনে জমকালো অনুষ্ঠানে ইংলিশ ক্রিকেটারদের সম্মানিত করবে পেশাদার ক্রিকেটারদের এ সংগঠন। সেটিরও সংক্ষিপ্ত তালিকায় আছেন স্টোকস। এর আগে অর্ধশতাব্দীর সেরা পারফরম্যান্সের তালিকাতেও সবার ওপরে তার নাম।
ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেডিংলি টেস্টে ১ উইকেটে শ্বাসরুদ্ধকর জয় পায় ইংল্যান্ড। শেষ (দশম) উইকেটে টেলএন্ডার জ্যাক লিচের সঙ্গে ৭৬ রানের হার না মানা জুটি গড়ে দলকে জয়ের বন্দরে নোঙর করান স্টোকস। শেষ পর্যন্ত ১৩৫ রানে অপরাজিত থাকেন তিনি। ব্যাটিংয়ের আগে বোলিংয়ে ৫৬ রানে ৩ উইকেট নেন বিগ বেন। তার এ দুরন্ত পারফরম্যান্সই তালিকার চূড়ায় জায়গা করে নিয়েছে।
দ্বিতীয় স্থানে আছে নিউজিল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ ফাইনালে স্টোকসেরই খেলা অপরাজিত ৮৪ রানের ইনিংসটি। তার অনবদ্য পারফরম্যান্সে ম্যাচটি যায় সুপার ওভারে। যেখানে কিউইদের হারিয়ে প্রথমবারের মতো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ক্রিকেটের আঁতুড়ঘরখ্যাত ইংল্যান্ড।
শীর্ষ দশে আরও একটি স্থান দখল করেছে স্টোকসের পারফরম্যান্স। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলেন ২৫৮ রানের মহাকাব্যিক ইনিংস। সেটি আছে সপ্তম স্থানে।
ভক্তদের ভোটে তৃতীয় সেরা নির্বাচিত হয়েছে ২০০৫ সালে এজবাস্টনে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রদর্শন করা অ্যান্ড্রু ফ্লিনটফের পারফরম্যান্স। ওই টেস্টে দারুণ অলরাউন্ডিং পারফরম করেন তিনি। দুই ইনিংসে ব্যাট হাতে করেন যথাক্রমে ৬৮ ও ৭৩ রান। পাশাপাশি বোলিংয়ে শিকার করেন ৭ উইকেট।

