অনলাইন ডেস্ক ॥
আগামী ২০২৪ সালের মধ্যে ভারত থেকে সব ‘অনুপ্রবেশকারীকে’ তাড়ানো হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন দেশটির কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
সোমবার ভারতের ঝাড়খণ্ড রাজ্যে নির্বাচনী প্রচারণায় তিনি এমন ঘোষণা দেন। খবর ইন্ডিয়ান এক্সপ্রেস।
অমিত শাহ বলেন, ‘২০২৪ সালে লোকসভা নির্বাচনের আগেই এনআরসি হবে। প্রত্যেক অনুপ্রবেশকারীকে খুঁজে বের করে দেশ থেকে তাড়াব।’
তিনি বলেন, ‘আমি আপনাদের আশ্বাস দিচ্ছি, ২০২৪ সালের ভোটের আগে সারা দেশে এনআরসি পরিচালনা করা হবে এবং সব অনুপ্রবেশকারীকে চিহ্নিত করে বহিষ্কার করা হবে।’
এনআরসির বিরোধিতা করায় কংগ্রেস নেতা রাহুল গান্ধী সমালোচনা করেন অমিত শাহ। তিনি জানতে চান, অনুপ্রবেশকারীদের মধ্যে রাহুল গান্ধীর ‘আত্মীয়স্বজন’ রয়েছেন কিনা।
অমিত শাহ বলেন, ‘এই যে রাহুল বাবা বলতে থাকেন, এনআরসি কেন আনছ? অনুপ্রবেশকারীদের কেন তাড়াচ্ছ? (তারা) যাবে কোথায়, খাবে কী? কেন মশাই, (অনুপ্রবেশকারীরা) আপনার চাচাতো ভাই হয় নাকি?’
‘রাহুল বাবা যা খুশি বলুন না কেন, বন্ধুরা আমি আপনাদের বলছি, ২০২৪ সালের আগে দেশ থেকে প্রত্যেক অনুপ্রবেশকারীকে বেছে বেছে তাড়ানোর জন্য কাজ করবে বিজেপি সরকার।’
কয়েক দিন আগেও পার্লামেন্টে দাঁড়িয়ে সারা দেশে এনআরসি কার্যকর করার কথা ঘোষণা করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তা নিয়ে পার্লামেন্টের ভেতরে ও বাইরে তুমুল বিরোধিতার মুখে পড়তে হয়েছিল কেন্দ্রীয় সরকারকে।
প্রসঙ্গত গত ৩১ আগস্ট আসামের চূড়ান্ত নাগরিকপঞ্জি প্রকাশিত হয়। সে তালিকা থেকে বাদ পড়ে ১৯ লাখ বাসিন্দার নাম। রাজ্যের বিদেশি ট্রাইব্যুনালের কাছে তালিকা থেকে বাদ যাওয়া ব্যক্তিরা আবেদন করতে পারবেন।
কিন্তু এরই মধ্যে আসামে এনআরসি প্রক্রিয়া নতুন করে শুরু করার দাবি জানিয়েছে বিজেপি। এ ছাড়া গত সপ্তাহে সরকারের পক্ষ থেকে বলা হয়, ‘এই এনআরসি গ্রহণযোগ্য নয়।’

