গণজাগরণ মঞ্চের মিছিলে পুলিশি বাধা

প্রকাশিত: December 18, 2013 | সময়: 10:52 am

স্টাফ রিপোর্টার ॥ পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিকাল ৩টায় পাকিস্তান দূতাবাস ঘেরাও করার উদ্দেশ্যে শাহবাগের গণজাগরণ মঞ্চের কর্মীরা গুলশান-২ এর গোলচত্তরে অবস্থান করেন। গণজাগরণ মঞ্চের মুখপাত্র ড. ইমরান এইচ সরকার এর নের্তৃত্বে মঞ্চের কর্মীরা দূতাবাস অভিমুখে যাত্রা শুরু করলে পুলিশি বাধার মুখে গুলশান-২ এর গোলচত্তরে অবস্থান গ্রহণ করেন। উপস্থিত পুলিশ এর উর্ধ্বতন এক কর্মকর্তা জানিয়েছেন তারা গণজাগরণ মঞ্চের কর্মীদের তারা দূতাবাস অভিমুখে যেতে দিবেন না। কারণ এই ধরনের পদযাত্রা ভিয়েনা কনভেনশনের পরিপন্থী। কিন্তু তারা চাইলে তাদের একটি প্রতিনিধি দল স্বারকলিপি নিয়ে যেতে পারবেন। অবস্থান কালে গণজাগরণ মঞ্চের কর্মীরা পাকিস্তানের জাতীয় পতাকায় আগুন ধরিয়ে দেন।

এই অবস্থান কর্মসূচিতে বিভিন্ন শ্রেনী পেশার মানুষসহ ঘাতক দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির, অভিনেত্রী তারানা হালিম, বিশিষ্ট সাংবাদিক আবেদ খান উপস্থিত ছিলেন।

এদিকে অপ্রীতিকর ঘটনা এড়াতে বুধবার সকাল ৭টায় হাইকমিশন কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগের উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুর রহমান অতিরিক্ত নিরাপত্তা জোরদারের বিষয়টি নিশ্চিত করেছেন।

হাইকমিশনের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি হাইকমিশন কার্যালয়ের চারপাশের রাস্তায় র‌্যাব ও পুলিশের গাড়ি টহল দিতে দেখা গেছে। এদিকে সকাল সাড়ে ৮টায় বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনার আফরাসিয়াব মেহেদী হাশমি কোরাইশি কমিশন কার্যালয়ে প্রবেশ করেছেন। কমিশনে কর্মরত জেনারেল অ্যাসিস্ট্যান্ট আব্দুল মজিদ জানান, সাধারণ সময়ের তুলনায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা লক্ষ্য করা যাচ্ছে।

উল্লেখ্য, মঙ্গলবার সন্ধ্যায় বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানি হাইকমিশনার আফরাসিয়াব মেহেদী হাশমি কোরাইশিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করে পাকিস্তানের জাতীয় পরিষদে গৃহীত প্রস্তাবের কড়া প্রতিবাদ জানানো হয়েছে।