কালিয়াকৈর ব্যুরো ॥
গাজীপুর: মাত্র ৬০ হাজার ৭০০ টাকাই মাছ ব্যবসায়ী রনি শেখের কাল হয়েছে। ওই টাকার জন্যই তাকে হত্যা করা হয়। এ ঘটনায় আপন দুই ভাইসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।
নিহত ব্যবসায়ি রনি শেখ (৩২), রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার গোবিন্দপুর এলাকার আ. রাজ্জাকের পুত্র। তিনি মিরপুর বেড়িবাধ মৎস আড়তে মাছ বিক্রি করতেন।
গ্রেফতারকৃত আসামীরা হলেন- জহিরুল ইসলাম, রুবেল হোসেন ও রুবেলের ছোট ভাই মো. বাবু।
জবানবন্দিতে জহিরুল ইসলাম বলেন, মাছ ব্যবসায়ি রনি শেখের কাছে টাকা আছে জেনেই পূর্ব পরিকল্পিতভাবে রুবেল ও বাবুকে কৌশলে তার পিকআপে তুলে নেয়। পরে কালিয়াকৈর উপজেলা ঠেঙ্গাবান্দ এলাকায় পৌছালে রুবেল ও বাবু তার কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। টাকা নিতে ব্যর্থ হলে সে (জহিরুল) গাড়ির হুইল রেঞ্জ দিয়ে মাথায় আঘাত করে রক্তাক্ত জখম করে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন মজুমদার বলেন, আসামীরা মাত্র ৬০ হাজার ৭০০ টাকার জন্য অনেক দিনের বিশ্বস্ত লোককে নির্মমভাবে হত্যা করেছে। তারা আদালতে নিজেদের দায় স্বীকার করেছে। আসামীদের গাজীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

