কর্তব্যরত অবস্থায় হতাহতদের আর্থিক অনুদান দিলেন ডিএমপি কমিশনার

প্রকাশিত: January 21, 2020 | সময়: 5:46 pm

বাংলাভূমি ডেস্ক ॥
কর্তব্যরত অবস্থায় হতাহত পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান দিলেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম।
মঙ্গলবার সকাল ১০টায় ঢাকা মহানগর পুলিশ সদরদফতরে এ আর্থিক অনুদান দেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রীর অনুদান থেকে কর্তব্যরত অবস্থায় নিহত ও গুরুতর আহত ৮ পুলিশ সদস্যের পরিবারকে ২৪ লাখ টাকা এবং ডিএমপির কল্যাণ তহবিল থেকে আহত ১৩৫ পুলিশ সদস্যকে চিকিৎসা ব্যয় বহনের জন্য ৩৩ লাখ ২০ হাজার টাকা আর্থিক অনুদান দেন ডিএমপি কমিশনার।

অনুদানপ্রাপ্ত পুলিশ সদস্যের উদ্দেশে কমিশনার বলেন, চিকিৎসা সহায়তা নিতে আসা পুলিশ সদস্যদের মধ্যে বেশির ভাগই সড়ক দুর্ঘটনায় আহত হয়ে এখানে এসেছেন। আপনার সামান্য ভুলের কারণে পরিবার কোথায় যাবে এই কথাটি মাথায় রেখে একটু সতর্ক হয়ে চলতে হবে। নিজে সতর্ক হয়ে বুঝেশুনে রাস্তা পারাপার হলে দুর্ঘটনা অনেকাংশে কমে যাবে।

ডিএমপির কল্যাণ তহবিল থেকে প্রতিবছর আমরা প্রায় দেড় কোটি টাকা অনুদান দিয়ে থাকি। এছাড়াও প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল হতে কর্তব্যরত অবস্থায় নিহত ও আহত পুলিশ সদস্যদের অনুদান দেয়া হয়। আমরা আমাদের সদস্যদের প্রয়োজনে পাশে থাকার চেষ্টা করি।
নিহত পুলিশ সদস্যদের পরিবারের উদ্দেশে কমিশনার বলেন, আপনার স্বামী বা সন্তান নিহত হয়েছে বলে মনে করবেন না আপনাদের পাশে কেউ নেই। আমরা আপনাদের যেকোনো প্রয়োজনে পাশে আছি। এ সময় ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।