কুইনে গাগার প্রতিমূর্তি কঙ্গনা

প্রকাশিত: December 25, 2013 | সময়: 3:17 am

বিনোদন ডেস্ক ॥ হিমাচলের ছোট শহর মান্ডিতে ছেলেবেলা পার হয় কঙ্গনার। কিছুটা খামখেয়ালি আর জীবনের কিছুটা কঠিন বাস্তবতার কারণে হঠাৎ করেই কলেজ জীবনে দাঁড়ি টেনে দেন তিনি। মডেল হওয়ার নেশায় ২০০৩ সালে পাড়ি জমান দিল্লিতে। দিল্লিতেই সুযোগ তৈরি হয় মঞ্চে অভিনয়ের। এরপর ২০০৫ সালে আরও বড় কিছু হওয়ার স্বপ্ন নিয়ে কঙ্গনা চলে আসেন মুম্বাইয়ে।

মুম্বাইয়ের এক ক্যাফেতেই একদিন ধরা পড়েন অনুরাগ বাসুর ক্যামেরায়। এ নির্মাতার গ্যাংস্টার ছবি দিয়েই ২০০৬ সালে বলিউডে অভিষেক ঘটে কঙ্গনার। প্রথম ছবিই সুপারহিট, জোটে ফিল্মফেয়ারে সেরা নবাগত অভিনেত্রীর পুরস্কারটিও। গ্যাংস্টার-এ দুর্দান্ত অভিনয়, দর্শককে মন্ত্রমুগ্ধ করে রাখা সেই মেয়েটিই ফ্যাশন ছবিতে নেতিবাচক চরিত্রে নেশাতুর আবেশে মেতে থেকে ধাঁধিয়ে দিয়েছিলেন দর্শকদের মন। ২০০৮ সালের ফ্যাশন ছবিতে অভিনয় করে তিনি সেরা পার্শ্ব অভিনেত্রীর জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। গত সাত বছরের ফিল্মি ক্যারিয়ারে গ্যাংস্টার, ও লামহে, লাইফ ইন এ মেট্রো, ফ্যাশন, তানু ওয়েডস মানু, ওয়ানস আপন এ টাইম ইন মুম্বাই, শুটআউট অ্যাট ওয়াডালার মতো আলোচিত ও উল্লেখযোগ্য ছবিতে অভিনয় করে অভিনেত্রী হিসেবে নিজের মেধা ও যোগ্যতার প্রমাণ দিয়েছেন কঙ্গনা।

কঙ্গনার ফ্লপ ছবিগুলোর তালিকাও নেহাত কম নয়। তেজ, মিলে না মিলে হাম, নকআউট, নো প্রবলেম ছবিগুলো ফ্লপ। তাছাড়া জাত অভিনেত্রীর তকমটা এখনো গায়ে লাগেনি তার। কঙ্গনার চোখ অনেক দূরে, ‘আমি আরো অনেক দূর যেতে চাই। কিংবদন্তি হতে চাই। কারিনা, অ্যাশ, মাধুরীদের মতো স্থায়ী আসন গড়তে চাই বলিউডে।’

কঙ্গনা বলিউডে স্থায়ী আসন গড়তে আশায় ছিলেন রাজ্জো ছবিটি নিয়ে। কিন্তু সেখানে ব্যর্থ হয়েছেন নিজের ক্যারিশমা দেখাতে। এবার তিনি আশায় বুক বাঁধছেন কুইন ছবিটি নিয়ে। অনেকেই ধারণা করছেন, ‘কুইন’ পাল্টে দিবে কঙ্গনার ক্যারিয়ার।

‘কুইনে’র পরিচালক কঙ্গনার চরিত্র সম্পর্কে বলন, ‘ছবিটিতে প্রথম পলকে কঙ্গনাকে দেখে দর্শকরা একটু চমকে যাবেন। প্রথম দেখায় কঙ্গনাকে লেডি গাগা বলে মনে হতে পারে।’

‘কুইন’র কাহিনী দিল্লির একটি মেয়েকে ঘিরে আবর্তিত হয়েছে। কঙ্গনার চরিত্রের নাম রানী। তার বিপরীতে অভিনয় করেছেন রাজকুমার যাদব।