কাপাসিয়ায় দুটি ব্যাটারি কারখানাকে ভ্রাম্যমান আদালতের জরিমানা

প্রকাশিত: January 30, 2020 | সময়: 8:17 pm

চীফ রিপোর্টার ॥
গাজীপুর: পরিবেশ দূষণের দায়ে কাপাসিয়ার দুটি অবৈধ বাটারি কারখানায় অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকেলে উপজেলার রায়েদ ইউনিয়নের ভূলেশ্বর এবং সিংহশ্রী ইউনিয়নের বড়িবাড়ি এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ ইসমত আরা।

জানা যায়, উপজেলার রায়েদ ইউনিয়নের ভূলেশ্বর এবং সিংহশ্রী ইউনিয়নের বড়িবাড়ি এলাকায় দীর্ঘদিন যাবত দুটি অবৈধ কারখানায় পুরাতন ব্যাটারি সংগ্রহ করে পুণঃপ্রকিয়াকরণ করে আসছিল। তাদের নিষ্কাশিত বর্জ্য ও এসিডের দ্বারা পরিবেশ দূষিত হয়ে আশপাশের ফসলি জমি, ফলফলাদি ও পশু-পাখির মারাত্মক ক্ষতি হচ্ছিল।

বৃহস্পতিবার বিকেলে উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ ইসমত আরা অবৈধ কারখানা দুটিতে অভিযান চালিয়ে পরিবেশ সংরক্ষণ আইন (১৯৯৫ এর ৪ এর খ ধারা) অনুযায়ী ৫০ হাজার টাকা করে ১ লাখ টাকা জরিমানা আদায় করেন এবং কারখানা দুটি সিলগালা করে দেন।
কারখানা মালিকরা হলেন মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার ফোটনগর গ্রামের জাবেদ আলীর ছেলে জহির উদ্দিন সিকদার এবং গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার বামনকড়ি গ্রামের ইজাব আলীর ছেলে মোঃ আবু জাফর।