স্পোর্টস ডেস্ক ॥ বছরের শেষ ম্যাচটি বিজয় টি-২০ টুর্নামেন্টের ফাইনাল। মঙ্গলবার সাকিবের প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব মুখোমুখি হবে তামিম ইকবালের ইউসিবি-বিসিবি একাদশের। চার দলকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজন করে বিজয় দিবস টি-২০ টুর্নামেন্টের। মুশফিকুর রহিমের আবাহনীর তুলনায় মাশরাফি বিন মোর্তজার মোহামেডান অনেকটা লড়াই করে এবারের মতো টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। মঙ্গলবার মিরপুর শেরে-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিকাল আড়াইটায় মুখোমুখি হবে দল দুটি। বিটিভি খেলাটি সরাসরি সম্প্রচার করবে।
সর্বোচ্চ ৮ পয়েন্ট নিয়ে ফাইনালে উঠে প্রাইম ব্যাংক। ৬ খেলায় ৪টি জয়, ২টি হার মোট ৮ পয়েন্ট নিয়ে ফাইনালের টিকিট পায় সাকিব আল হাসানের প্রাইম। রানরেটে সামান্য পিছিয়ে থেকে ফাইনালে প্রাইমের সঙ্গী হয়েছে বিসিবি একাদশ। ৬ খেলায় তামিমের দলের পয়েন্টও ৮। এক সেঞ্চুরিই এখন পর্যন্ত টুর্নামেন্টের সেরা স্কোরারের আসনে বসিয়েছে জাতীয় দলের ওপেনার তামিম ইকবালকে।
৬ খেলায় ২৭৩ রান করেছেন তিনি। আর উইকেট শিকারির তালিকায় সবার উপরে রয়েছেন মোহামেডানের উদীয়মান তারকা দেওয়ান সাব্বির। ১১টি উইকেট শিকার করেছেন তিনি। সেরা দুটি দলই শেষ পর্যন্ত ফাইনালে উঠেছে। দু’দল শক্তিমত্তায় সমান। বোর্ড একাদশে তামিম ছাড়াও প্রিমিয়ার লিগের সেরা তারকা ইমরুল কায়েস, মিঠুন আলী, মুক্তার আলী, নাঈম ইসলাম, মার্শাল আইয়ূব, আরাফাত সানি, এনামুল জুনিয়র এবং বিজয় দিবস টুর্নামেন্টের একমাত্র হ্যাটট্রিকম্যান আল-আমিন রয়েছেন।
অন্যদিকে ইউসিবি-বিসিবি একাদশের মোকাবিলায় প্রাইম দলও পিছিয়ে নেই। দলের সেরা তারকা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তো সামনে থেকে নেতৃত্ব দিয়ে দলকে ফাইনালে তুলে এনেছেন। এ ছাড়া দলের বাকি তারকারাও ফাইনালে দলকে জেতানোর ক্ষমতা রাখেন। এনামুল হক বিজয়, সাব্বির রহমান, সৈকত আলী, সোহাগ গাজী, অলোক কাপালি, রবিউল ইসলাম, তাইজুল ইসলামের মতো ম্যাচ উইনার। এদের সমন্বয়ে সাকিবের ফাইনাল জয়ের আশা নিশ্চয় দুরাশা নয়।

