সংসার ভাঙনের পিছনে হুমা কোরেশী

প্রকাশিত: January 6, 2014 | সময়: 2:54 am

বিনোদন ডেস্ক ॥ দুই বছরও স্থায়ী হতে পারেনি বলিউড পরিচালক অনুরাগ কাশ্বপ এবং অভিনেত্রী কালকি কোচলিনের সংসার। তাদের সুখের সংসারে ভাঙনের খবর নতুন না হলেও নতুন খবর হলো, এই ভাঙনের পেছনের চরিত্র হিসেবে উঠে এসেছে বলিউডের নতুন হার্টথ্রব হুমা কোরেশীর নাম। অনুরাগ কাশ্বপের সাথে হুমার অন্তরঙ্গ সম্পর্কই কোচলিনের সাথে অনুরাগের বিচ্ছেদের কারণ বলে গুঞ্জন বলিউডে। তবে এই অভিযোগকে কোনোভাবেই স্বীকার করছেন না হুমা। আর এই সংক্রান্ত প্রশ্নের উত্তর দিতেও অস্বীকৃতি জানিয়েছেন তিনি। এ প্রসঙ্গে জানতে চাইলে তার সাফ কথা, ‘আমার যা বলার তা আগেই সবাইকে জানিয়েছি। এ নিয়ে আর নতুন করে বলার কিছু নেই।’ বাড়তি হিসেবে তিনি যোগ করেন, ‘অন্যরা কী করবে, তার দায় তো আর আমার নয়। আমার পরিষ্কার অবস্থানের কথা আগেও জানিয়েছি; তার সাথে নতুন কিছু যোগ করার নেই।’ উল্লেখ্য, ২০০৯ সালের আলোচিত চলচ্চিত্র ‘দেব ডি’র সূত্রেই প্রেমের সূচনা অনুরাগ কাশ্বপ এবং কালকি কোচলিনের। অন্যদিকে ২০১২ সালে অনুরাগ পরিচালিত ‘গ্যাংস অব ওয়াসিপুর’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে অভিষেক হুমা কোরেশীর। তখন থেকেই অনুরাগ কাশ্বপের সাথে হুমার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। সমালোচকরা অবশ্য একে ‘নিবিড় প্রেমের’ সম্পর্ক হিসেবেই অভিহিত করে আসছে।