স্টাফ রিপোর্টার ॥
গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাস (কোভিড-১৯) এ নতুন আক্রান্ত তিন হাজার ১৬৩ জন এবং মারা গেছে ৩৩ জন। ফলে শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৯০ হাজার ৫৭ জনে এবং মোট মৃত্যু হয়েছে দুই হাজার ৪২৪ জনের।
মঙ্গলবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত হেলথ বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষার তথ্য তুলে ধরে জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৯৮৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৩ হাজার ৪৫৩টি নমুনা। এ নিয়ে দেশে মোট নয় লাখ ৬৬ হাজার ৪০০টি নমুনা পরীক্ষা করা হলো। নতুন নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে আরও তিন হাজার ১৬৩ জনের মধ্যে। ফলে শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ ৯০ হাজার ৫৭ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৩৩ জন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে দুই হাজার ৪২৪ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও চার হাজার ৯১০ জন। ফলে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল এক লাখ তিন হাজার ২২৭ জনে।
গত ২৪ ঘণ্টায় যারা মারা গেছেন তাদের ২৩ জন পুরুষ এবং ১০ জন নারী। এদের মধ্যে ত্রিশোর্ধ্ব দুইজন, চল্লিশোর্ধ্ব চারজন, পঞ্চাশোর্ধ্ব ছয়জন, ষাটোর্ধ্ব নয়জন, সত্তরোর্ধ্ব ১১ জন এবং ৮০ বছরের বেশি বয়সী একজন ছিলেন। ১৩ জন ছিলেন ঢাকা বিভাগের, তিনজন চট্টগ্রাম বিভাগের, চারজন রাজশাহী বিভাগের, পাঁচজন সিলেট বিভাগের, পাঁচজন খুলনা বিভাগের, দুইজন রংপুর বিভাগের এবং একজন ছিলেন বরিশাল বিভাগের। হাসপাতালে মারা গেছেন ২৯ জন এবং বাসায় মৃত্যু হয়েছে চারজনের।

