লাইফস্টাইল ডেস্ক ॥ বিয়ে বোধকরি মানুষের আদিমতম ও সবচেয়ে সচল একটি মানবিক প্রয়োজন, যা পরিবার নামক প্রতিষ্ঠানটিকে সবচেয়ে সংহতি দেয় এবং তৈরি করে বন্ধন। তাই এ আয়োজনে থাকবে উৎসব মুখরতা এ যেন এক চিরায়ত প্রথা। তাই বিয়ের দিনের স্মৃতি ধরে রাখতে চায় প্রত্যেকেই। কিছু মধুর মুহূর্ত ফ্রেমবন্দি থাকলে শেষ জীবনে তা এনে দিতে পারে প্রশান্তি আর স্মৃতি রোমন্থনের আয়েশ। তাই বিয়ের সময়কার মুহূর্তগুলোকে ছবি বা ভিডিওর মাধ্যমে ডিজিটাল বলয়ে বন্দি করতে পারলে হয়তো জীবনটাই হয়ে রবে স্মৃতিময়। বিয়ের অনুষ্ঠানে ছবি তোলার ক্ষেত্রে কিছু বিষয়ের উপর গুরুত্ব দেওয়া উচিত।
জেনে নিন এমন কিছু পরামর্শ
বর বা কনের পোশাক যেন উজ্জ্বল রঙের হয়, সেদিকে নজর দিতে হবে।
বর বা কনের পোশাকের সঙ্গে স্টেজ বা ব্যাকগ্রাউন্ডের রঙ যেন মিলে না যায়। এতে ছবি ভালোমতো ফুটবে।
বিয়ের অনুষ্ঠানে আলোর ব্যবস্থা ভালো হতে হবে।
যে আলোকচিত্রীকে দিয়ে ছবি তোলাবেন, তার সঙ্গে ভালোভাবে কথা বলে নিন। প্রয়োজনে তার তোলা আগের ছবি ও অভিজ্ঞতা যাচাই করে দেখতে পারেন।
বিয়ে বাড়িতে যারা ছবি তুলছেন, তাদের সমস্যা হলে তা জেনে নিন ও তা সমাধান করার ব্যবস্থা করুন।
একটা পুরো দল কাজ করলে ভালো হয়। এতে আলোকচিত্রীরা নিজেদের মধ্যে সমন্বয় করতে পারেন।
দক্ষ আলোকচিত্রী নির্বাচন করার পর বিয়ের কয়েক দিন আগেই তার সঙ্গে দিনক্ষণ নিয়ে কথা চূড়ান্ত করে নিন।বিয়ের ছবি তোলার সঙ্গে সঙ্গে এসব ছবি সম্পাদন করাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। ছবি সম্পাদন করাও ফটোগ্রাফির একটি বিশেষ অংশ। বিশেষ করে ডিজিটাল মাধ্যম হওয়ার পর এ দিকটি ছবিতে একটি নতুন মাত্রা যোগ করেছে। এতে ছবির নান্দনিকতা বেড়ে যায় অনেক গুণ। তবে আলোকচিত্রী নিজেই যদি ছবি সম্পাদন করতে পারেন, তা হলে ভালো হয়। এতে আলোকচিত্রীর চিন্তা-ভাবনার বহিঃপ্রকাশ ভালোমতো হয় বলে জানান সাফাওয়াত খান।
বিয়ের ছবিগুলো আলোকচিত্রীরা শিফট গুনে করে থাকেন। তবে বিয়ের সময় তিন-চার ঘণ্টা ছবি তুলতে খরচ পড়বে ৩ থেকে ১২ হাজার টাকা। বিয়ের সারা দিন পুরো অনুষ্ঠানের ছবি তুলতে খরচ পড়বে ৬ থেকে ১৫ হাজার টাকা। এ ছাড়া আরো বড় পরিসরে একাধিক চিত্রগ্রাহক দিয়ে ছবি তুলতে খরচ পড়বে ১০ থেকে ১৮ হাজার টাকা। অনুষ্ঠানে যদি ভিডিও করতে চান, তা হলে ভিডিও সম্পাদনাসহ খরচ পড়বে ৫ থেকে ১০ হাজার টাকা। বিভিন্ন সময় বর-কনে বিয়ের পর আলাদাভাবে স্টুডিওতে গিয়ে ছবি তুলতে চাইলে খরচ পড়বে ৭ থেকে ২০ হাজার টাকা। এ ছাড়া বিভিন্ন স্থানে ভ্রমণের ছবি তুলতে পারেন, এতে খরচ পড়বে ১০ থেকে ১৫ হাজার টাকা। বিয়ের ছবি তোলার বিভিন্ন প্রতিষ্ঠান সাধারণত ১০০টি ছবি অ্যালবামসহ প্রিন্ট করে দেয় ও বাকি ছবি ডিভিডিতে রাইট করে দেয়। তবে আপনার চাহিদা আরো বেশি থাকলে সে ক্ষেত্রে দামের কিছুটা হেরফের হতে পারে। এখন অনেকেই ডিজিটাল ডায়েরি বা ফটোবুকে ছবি সেট করে নেন।

