২৪ জানুয়ারি বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা

প্রকাশিত: January 10, 2014 | সময়: 1:31 am

স্পোর্টস ডেস্ক ॥ এ মাসের শেষে পূর্ণাঙ্গ সফরে বাংলাদেশে আসার কথা শ্রীলঙ্কার। চলমান রাজনৈতিক ডামাডোলের মধ্যে শ্রীলঙ্কার এই সফর খুবই গুরুত্বপূর্ণ বিবেচিত হচ্ছিল। কারণ, সফরের ওপর নির্ভর করছিল বাংলাদেশে অনুষ্ঠেয় এশিয়া কাপ এবং পরবর্তী টি-টোয়েন্টি বিশ্বকাপের ভবিষ্যৎ।

বৃহস্পতিবার দুবাইয়ে আইসিসির সভা থেকে ইতিবাচক সংকেতই পেল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শ্রীলঙ্কা দল এই সফরে সম্মত হয়েছে বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির প্রধান জালাল ইউনুস।

আইসিসির বোর্ড প্রেসিডেন্টদের এই সভায় বাংলাদেশ ক্রিকেটীয় কূটনীতির অংশ হিসেবে আলাদা দ্বিপক্ষীয় বৈঠকও করেছে।বিসিবির সভাপতি নাজমুল হাসান আলাদা করে বৈঠক করেছেন শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) সভাপতি জয়ান্থা ধর্মদাসার সঙ্গে। এই বৈঠকেই শ্রীলঙ্কার পক্ষ থেকে সফরে অংশ নেওয়ার ব্যাপারে সম্মতি জানানো হয়। তবে এর আগে ১৩ জানুয়ারি এসএলসির পক্ষ থেকে দুজন পর্যবেক্ষক বাংলাদেশে আসবেন। ওই দুই পর্যবেক্ষক বাংলাদেশ সফরের সময় শ্রীলঙ্কার নিরাপত্তা-ব্যবস্থা খতিয়ে দেখবেন।

এশিয়া কাপও বাংলাদেশেই হবে। তাতে অংশ নেবে পাকিস্তানও। তবে এই সফরে পাকিস্তান বাংলাদেশের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা চেয়েছে। সেই নিরাপত্তার আশ্বাস দেওয়া হয়েছে পাকিস্তানকে।

দুটো টেস্ট, দুটো টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ানডে খেলতে ২৪ জানুয়ারি বাংলাদেশে আসার কথা শ্রীলঙ্কার।