বিনোদন ডেস্ক ॥
শবনম নামের অর্থ দাঁড়ায় ভোরের শিশির। নামেই মিশে আছে ঘোর লাগা নেশা। তার নামে প্রেম আসে, তার নামে আসে মোহ। এ দেশের সিনেমায় কালজয়ী অভিনেত্রীদের একজন শবনম। আজ কিংবদন্তি এই অভিনেত্রীর জন্মদিন। এবারে তিনি ৭১ বছরে পা রাখলেন।
তার জন্মদিন বাসায় বসেই কাটছে। জানালেন, জীবনের এই সময়টাতে জন্মদিনগুলো বিশেষ উপলক্ষ হয়ে আসে। পুরনো অনেক স্মৃতি মনে পড়ে। আজকাল জন্মদিনের উৎসব খুব একটা টানে না। সবার কাছে দোয়া চেয়েছেন নিজের জন্য এবং প্রয়াত স্বামী বরেণ্য সংগীত পরিচালক রবিন ঘোষের জন্য।
প্রকৃতপক্ষে শবনম হচ্ছে তার চলচ্চিত্র নাম। প্রকৃত নাম হচ্ছে ঝর্ণা বসাক। ১৭ আগস্ট, ১৯৪০ সালে তিনি জন্মগ্রহণ করেন। বাবা ননী বসাক ছিলেন একজন স্কাউট প্রশিক্ষক ও ফুটবল রেফারি। স্বনামধন্য সংগীত পরিচালক রবিন ঘোষকে শবনম বিয়ে করেন ১৯৬৪ সালের ২৪ ডিসেম্বর। তাদের সংসারে একমাত্র ছেলে রনি ঘোষ।
বাংলাদেশি চলচ্চিত্র দিয়ে অভিষেক ঘটলেও স্বাধীনতা-উত্তর সময়টাতে উর্দু চলচ্চিত্রে পাকিস্তানের হয়ে তিনি অর্জন করেছিলেন আকাশ ছোঁয়া জনপ্রিয়তা। শুধু তাই নয় পাকিস্তানের সিনেমায় সম্ভাব্য সব পুরস্কার ও স্বীকৃতিও তিনি অর্জন করেছেন।

