স্টাফ রিপোর্টার ॥ ১৮ দলের ডাকা সারাদেশে রাজপথ-রেলপথ-নৌপথে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি সোমবার থেকে স্থগিত করা হয়েছে। তবে রোরবার ভোর থেকে শুরু হওয়া অবরোধ সোমবার ভোর ৬টা পর্যন্ত চলবে। এরপর পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত দেশব্যাপী অবরোধ কর্মসূচি স্থগিত করেছে ১৮ দল।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শনিবার রাতে এক বিবৃতিতে এ ঘোষণা দেন।
বিবৃতিতে ফখরুল বলেন, ‘১৮ দলীয় জোটের ঘোষিত রোববার ভোর ৬টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত দেশব্যাপী ২৪ ঘণ্টার শান্তিপূর্ণ রাজপথ, রেলপথ ও নৌপথ অবরোধ কর্মসূচি পালিত হবে। তবে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত সোমবার থেকে দেশব্যাপী চলমান অবরোধ কর্মসূচি স্থগিত থাকবে। পরবর্তীতে আবার নতুন কর্মসূচি ঘোষণা করা হবে। জনগণের বিজয় সুনিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।’
তবে প্রায় একঘণ্টা আগে এক বিবৃতিতে মির্জা ফখরুল বলেছিলেন, ‘১৮ দলীয় জোটের অবরোধ কর্মসূচি আগামীকাল রোববার ভোর ৬টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত অব্যাহত থাকবে। তবে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সোমবার ভোর থেকে মঙ্গলবার পর্যন্ত অবরোধ কর্মসূচি স্থগিত থাকবে। বুধবার ভোর ৬টা থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত ১৮ দলীয় জোটের অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে।’
একতরফা নির্বাচন বাতিলের দাবিতে চলমান আন্দোলনের অংশ হিসেবে ১৮ দলীয় জোটের ডাকা ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচিতে বাধা দেয়ার প্রতিবাদে গত ১ জানুয়ারি থেকে সারাদেশে রাজপথ-রেলপথ-নৌপথে অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচির ঘোষণা করা হয়। গত ৩০ ডিসেম্বর সোমবার রাতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন এক সংবাদ সম্মেলনে বিরোধী জোটের পক্ষে এ অবরোধ কর্মসূচি ঘোষণা করেছিলেন।
অবশ্য জনগণের সুবিধার কথা চিন্তা করে ১৮ দলের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ শুক্র ও শনিবার স্থগিত করা হয়।

