স্টাফ রিপোর্টার ॥
সীমান্তে মানুষ হত্যায় সরকার ‘নিশ্চুপ’ বলে জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী রোববার দুপুরে স্বেচ্ছাসেবক দলের এক অনুষ্ঠানে এই অভিযোগ তোলেন।
অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেন, ‘দেশের সামগ্রিক পরিস্থিতি এত করুণ, দেশের সার্বভৌমত্ব এত দুর্বল যে প্রায় দুইদিন-তিনদিন পর বর্ডারে মানুষকে মারছে, মানুষ হত্যা করছে, দেশের মানুষ রক্তাক্ত হচ্ছে। আজ পর্যন্ত ৩৩ জনকে হত্যা করেছে বিএসএফ (ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী)। এত নতজানু সরকার যে একটা প্রতিবাদও করতে পারছেন না এটার জন্য।’
রোববার সকালে বিজিবি সদরদফতর পিলখানায় বাংলাদেশ-ভারত সীমান্ত সম্মেলন শুরু হওয়ার কথা থাকলেও তা স্থগিত হয়েছে বলে বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
উত্তরের সভাপতি ফখরুল ইসলাম রবিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গাজী রেজওয়ানুল হোসেন রিয়াজের পরিচালনায় অনুষ্ঠানে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবদুল কাদির ভুঁইয়া জুয়েল ও যুগ্ম সম্পাদক সাদরেজ জামান বক্তব্য রাখেন। পরে মাদরাসার এতিম শিক্ষার্থীদের মধ্যে নতুন জামা-কাপড় বিতরণ করা হয়।

