এমপি হওয়ার জন্য তদবির করবেন না তারানা হালিম

প্রকাশিত: January 20, 2014 | সময়: 8:36 am

বিনোদন ডেস্ক ॥ বিশিষ্ট অভিনেত্রী ও আওয়ামী লীগের সাবেক মহিলা সংসদ সদস্য তারানা হালিম বলেছেন, ‘এমপি হওয়ার জন্য আমি কোন তদবির করবো না। এ নিয়ে এখন পর্যন্ত কোন নেতার সঙ্গে কথাও বলিনি।’

রবিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্দ্যোগে আয়োজিত অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে তিনি একথা বলেন।

তারানা হালিম আরও বলেন, ‘আমি আমার জীবনের কোন কাজ সুপারিশের মাধ্যমে করিনি। এটা আমি পছন্দও করি না। এমপি হওয়াটা আমি আল্লাহর উপর ছেড়ে দিয়েছি। দেশ ও দেশের মানুষের জন্য আমি যদি কোন ভালো কাজ করে থাকি তাহলে জননেত্রী আমাকে আবারও সংরক্ষিত আসনের এমপি বানাবেন। বিষয়টি নিয়ে আমি কোন চিন্তা করছি না।’

তিনি আরও বলেন, ‘দেশের মানুষের জন্য আমার প্রাণ কাঁদে। যেখানেই অত্যাচার অনাচার দেখতে পাই সেখানেই আমি ছুটে যাই। আমি চাই বাকি জীবনটা সাধারণ মানুষের সেবায় কাটিয়ে দিতে এবং সাংস্কৃতিক অঙ্গনে আমুল পরিবর্তন আনতে।’

এর আগে তিনি গরীব ও অসহায় লোকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।