আগামিকাল শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা

প্রকাশিত: January 23, 2014 | সময়: 3:12 am

স্টাফ রিপোর্টার ॥ আর মাত্র একদিন পরেই শুরু হচ্ছে বিশ্ব ইজতেমা। টঙ্গীর তুরাগ নদের তীরে ২৪শে জানুয়ারি শুরু হবে ইজতেমার প্রথম পর্ব। ইজতেমায় যোগ দিতে দলে দলে উপস্থিত হচ্ছেন দেশী বিদেশী মুসল্লীরা। এবার ইজতেমায় নিরাপত্তায় ১০ হাজার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ বিশ্ব ইজতেমায় অংশ নিতে এরই মধ্যে ইজতেমা ময়দানে ভীড় জমাচ্ছেন হাজারো মুসল্লি। এবারের প্রথম পর্ব শুরু হচ্ছে শুক্রবার। প্রথম পর্বে দেশের ৩২টি জেলার মুসুল্লীরা অংশ নিবে। ৪০টি খিত্তায় বিভক্ত হয়ে ধর্মপ্রাণ মুসুল্লিরা দেশি বিদেশি আলেমদের বয়ান শুনবেন। এ আয়োজনের জন্য প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে।

ইজতেমা সফল করতে ৫ স্তর বিশিষ্ট নিরাপত্তা বলয় তৈরী করা হয়েছে। আইনশংখলা রক্ষায় সাদা পোশাকের পাশাপাশি নিয়োজিত থাকবে ১০ হাজার র‌্যাব ও পুলিশ। প্রেস ব্রিফিং এ তথ্য জানালেন র‌্যাবের মহাপরিচালক মোখলেসুর রহমান।

যাতায়াতের সুবিধার্থে তুরাগে সেনাবাহিনীর উদ্যোগে ৮টি ভাসমান সেতু নির্মাণ করা হয়েছে।

তিনদিনব্যাপী প্রথম পর্ব শেষ হওয়ার পর চারদিন বিরতি দিয়ে ৩১শে জানুয়ারী থেকে শুরু হবে দ্বিতীয় পর্বের ইজতেমা।