ডিজিটাল চোর থেকে সাবধান!

প্রকাশিত: January 28, 2014 | সময়: 4:05 am

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ ডিজিটাল চোর থেকে সাবধান। ডিজিটাল চোরেরা অত্যন্ত কৌশলে প্রতারিত করছে সেল ফোন (মোবাইল ফোন) ব্যবহারকারীদের। মুহূর্তের মধ্যে মোবাইল ফোনের জমাকৃত (ক্রেডিট) টাকা চোখের নিমিষে কেটে নিচ্ছে।

মোবাইল ফোন ব্যবহারকারীদের অজান্তে ঘটছে এমন ডিজিটাল চুরির ঘটনা। ক্ষণিকের মধ্যে টাকা খুইয়ে অবাক হওয়া ছাড়া আর কিছুই করার থাকছেনা মোবাইল ফোন ব্যবহারকারীদের। চালাক, চতুর, শিক্ষিত ব্যক্তিরাও ডিজিটাল চোরের প্রতারণার শিকার হচ্ছে।

+৮৮১৮৪৫১০৪৩৯,+৮৮১৯৪৫১১০৪২৯ ও +৮৮১৮৪৫১১০৪৪০ ফোন নম্বর থেকে মোবাইল ফোনে আসছে মিসড কল। কল ব্যাক করলেই অপর প্রান্ত থেকে ফোনটা রিসিভ করে শোনা যাচ্ছে ফোনের ওয়েলকাম টিউন। এর মধ্যেই কল ব্যাককারীর ফোন থেকে মুহূর্তেই চুরি করে নিচ্ছে জমাকৃত (ক্রেডিট) টাকা।

এমনি খপ্পড়ে পড়েছেন সাংবাদিক মজনুর রহমান আকাশ (ছদ্দনাম)। উপরোক্ত নম্বর থেকে মিসড কল দিয়ে তার ফোন থেকে চুরি করে নিয়েছে ৯৬৫ টাকা। পেশাগত কারণে সংবাদের উৎসে সোর্স খুঁজে পেতে যে কোন মিসড কল নম্বরে ফোন বেক করেন আকাশ। আর তার এই দুর্ববলতার সুযোগ নিয়ে তাকে প্রতারিত করেছে ডিজিটাল চোরেরা।

সাংবাদিক আকাশে’র সেল ফোন ০১৭১৫২০৪৬০০ নম্বরে রোববার সন্ধা ৬টা ১২ মিনিটে +৮৮১৯৪৫১১০৪২৯ নম্বর থেকে প্রথমে একটি মিসড কল আসে। মিসড কল নম্বরে ফোন ব্যাক করেন। কল ব্যাক করতেই অপর প্রান্ত থেকে ফোনটা রিসিভ হয়ে যায়। শোনা যায় ফোনের ওয়েলকাম টিউন। অপর প্রান্ত থেকে কোন সাড়া শব্দ না পেয়ে তিনি ফোনটি কেটে দেন।

কিছুক্ষণ পর রাত ৮টা ৮ মিনিটে আবারও +৮৮১৮৪৫১০৪৩৯ নম্বর থেকে পর পর দু’বার মিসড কল আসে তার নম্বরে। তিনি আবারও মিসড কল নম্বরে ফোন ব্যাক করেন। কল ব্যাক করলেই একই ভাবে সাড়া শব্দ না পেয়ে তিনি ফোনটি কেটে দেন।

পরে ফোনের ব্যালেঞ্জ চেক করতেই অবাক হন তিনি। তার ফোনের জমাকৃত (ক্রেডিট) ১৫৭৩ থেকে ৯৬৫ টাকা গায়েব হয়ে গেছে। আছে মাত্র ৬০৮ টাকা! রাত ৯টা ১৫ মিনিট এবং রাত ৯টা ৫৩ মিনিটে আবারও তার সেল ফোনে +৮৮১৮৪৫১১০৪৪০ ফোন নম্বর থেকে মিসড কল আসে। কিন্তু এর আগে প্রতারিত হয়ে আর তিনি কোল ব্যাক করেননি ওই সব নম্বরে।

কয়েকটি সেল ফোন কোম্পানীর সাথে যোগাযোগ করে খোঁজ নিয়ে জানা গেছে, বিদেশ থেকে ওৎঁ পেতে থাকা ডিজিটাল চোরেরা ইন্টারনেটের মাধ্যমে এভাবে প্রতারিত করছে সেল ফোন ব্যবহারকারীদের। কল ব্যাক করলেই তারা মুহূর্তের মধ্যে মোবাইল ফোনের জমাকৃত (ক্রেডিট) টাকা নিচ্ছে তারা।

শুধু সাংবাদিক আকাশ নয় এমনি ভাবে অনেক সেল ফোন ব্যবহারকারীর ক্রেডিট ফতুর করেছে প্রতারক চক্রটি।