হার এড়াতে দুদিন ব্যাটিংয়ের লক্ষ্য টাইগারদের

প্রকাশিত: January 30, 2014 | সময়: 3:09 am

স্পোর্টস ডেস্ক ॥ বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার প্রথম টেস্টের ফলাফল কি হবে তা এখন অনেকটাই পরিস্কার। দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে বাংলাদেশ এখন ইনিংস হারের শঙ্কায় রয়েছে। আর তাই হার এড়াতে উইকেটে আঁকড়ে থাকার পরিকল্পনা এখন টাইগারদের।

বাস্তবতা উপলব্ধি করতে পারছে টাইগাররাও। ঘরের মাঠে তাদের লক্ষ্য এখন হার এড়ানো। টেস্টের বাকি দুই দিন ব্যাট করে পার করতে পারলেই হয়। বুধবার মিরপুর টেস্টে তৃতীয় দিনের খেলা শেষে স্পিনার সোহাগ গাজী বলেন,‘আমাদের টার্গেট এখন বাকি দু-দিন উইকেটে টিকে থাকে সময় পার করা।’ বাংলাদেশের প্রথম ইনিংসে ২৩২ রানের জবাবে ছয় উইকেটে ৭৩০ রান সংগ্রহ করে ৪৯৮ রানে লিড নিয়ে ইনিংস ঘোষণা করে শ্রীলঙ্কা।

দিন শেষে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে তামিম ইকবালের দায়িত্বহীন ব্যাটিংয়ে ১ উইকেটে ৩৫ রান তোলে। তামিমের আউট প্রসঙ্গে সোহাগ বলেন,‘তামিম ভাই কিন্তু অনেক বড় বড় টুর্নামেন্ট খেলেছে তাই তার উইকেট নিয়ে আমার মন্তব্য করা উচিত না। তামিম ভাই আউট হয়ে ডেসিং রুমে নিজের ভুল স্বীকার করেছেন।’

নিজেদের পরিচিত মাঠে শ্রীলঙ্কার ব্যটসম্যানরা রানের পাহাড় গড়েছে সেখানে বাংলাদেশ উইকেটে দাঁড়াতে না পারার কারণ নিয়ে,‘আসলে উইকেটের কোন সমস্যা নেই। আমরা ভালো ব্যাটিং করতে পারিনি। ওরা সারা দিন খুব ভালো ব্যাটিং করেছে। বোলিংও ভালো করেছে ওরা। তবে আমরাও কিন্তু ভালো বোলিং করেছি। ওদের ব্যাটিং থেকে আমাদের অনেক কিছু শেখার আছে।’

ভালো বোলিং করেও উইকেট না পাওয়ার কারণ প্রসঙ্গে সোহাগ বলেন,‘আমাদের কোচ বলেছে তোমরা বেশি বেশি ডট বল করবে। ডটবল করতে পারলেই ওদের ব্যটসম্যানরা ভুল করবে। আমরা সেভাবেই বোলিং করেছি। তারপরও উইকেট না পেলে কি করার থাকে? আসলে উইকেট পাওয়াটাও ভাগ্যের ব্যাপার।’

নিজের ও দলের ব্যাটিং পরিকল্পনা নিয়ে সোহাগ বলেন,‘আমি নিজেও চেষ্টা করবো ভালো ব্যাটিং করার। যাতে একশত বল খেলে যেন ১০ রান করি। রান করার চেয়ে উইকেটে টিকে থাকার চেষ্টা করবো। আর আমাদের টার্গেট এখন বাকি দু-দিন ভালো ব্যাটিং করে উইকেট টিকে থাকা।’ ফিল্ডিংয়ে ক্যাচ মিস ও আম্পায়ারের ভুল সিদ্ধান্ত নিয়ে সোহাগের দার্শনিক মন্তব্য, ‘আসলে মানুষ মাত্রই ভুল করে। তবে এ বিষয়ে কিছু না বলাই ভালো। সারাদিন ভালো বল করে ক্যাচ মিসের কারণে উইকেট না পেলে তো খারাপ লাগবেই।’