স্টাফ রিপোর্টার ॥ জামায়াতে ইসলামী ও বিএনপিকে পাকিস্থানের গোয়েন্দা সংস্থা আইএসআই’র এজেন্ট বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম।
পাশাপাশি এ দুটি সংগঠন সন্ত্রাস আর নাশকতার যে পথে হাঁটছিলো তা ভুল বলে অনুধাবন করে সে পথ থেকে সরে আসায় দলীয় এ দুটি সংগঠনকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। তবে সেই ভুল স্বীকার করে নাশকতার জন্যে জনগণের কাছে ক্ষমা চাইতে দল দুটিকে পরামর্শ দিয়েছেন খাদ্যমন্ত্রী।
রোববার সকালে সাভারের আমিনবাজারে ‘মিরপুর-মফিদ-ই-আম স্কুল অ্যান্ড কলেজের’ বার্ষিক ক্রীড়া ও মেধা পুরস্কার বিতরণ ও এসএসসি পরিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেন, “সন্ত্রাস আর নাশকতার পথ পরিহার করে বিএনপি জামায়াত উপজেলা নির্বাচনে আসায় তাদের ধন্যবাদ জানাই। এ থেকেই বোঝা যায় দল দুটি তাদের ভুল বুঝতে পেরেছে। অনুধাবন করতে পেরেছে, যে পথে তারা হাঁটছিলো সেটা ছিলো ভুল পথ।”
তিনি বলেন, “দল দুটি যদি জনগণের কাছে এই ভুল স্বীকার না করে আর নাশকতার জন্যে ক্ষমা না চায় তাহলে জনগণ আবার তাদের প্রত্যাখান করবে।”
“দশ ট্রাক অস্ত্র মামলার রায় নিয়ে জামায়াত যে হরতাল ডেকেছে সে ব্যাপারে নিন্দা জানানোর ভাষা জানা নেই” বলেও জানান তিনি।
কামরুল ইসলাম বলেন, “জামায়াত কোনো সময় বাংলাদেশের বন্ধু হতে পারে না। আজ স্পষ্ট বোঝা যাচ্ছে জামায়াত-বিএনপি পাকিস্তান ও তাদের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের এজেন্ট হিসেবে কাজ করছে।”
হাজী দীন মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা জেলা প্রশাসক হাসিনা দ্দৌলা, উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মোল্যা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ শাহরিয়ার মেনজিসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

