গাজীপুরে ভূমিদস্যুদের কবল থেকে বিল রক্ষার দাবিতে মানবন্ধন

প্রকাশিত: August 12, 2023 | সময়: 8:58 pm


স্টাফ রিপোর্টার:
বালি ফেলে গাজীপুরের ইছালি গ্রামে বিল ‘বেলাই’ ভরাট ও স্থানীয় কৃষকদের ওপর ভূমিদস্যুদের বর্বর হামলার প্রতিবাদে শনিবার বিকেলে মাবনবন্ধন করেছেন কৃষক-কৃষাণীরা। একপর্যায়ে তারা ইছালি-গাজীপুর সড়ক অবরোধ করে অবস্থান নেন। এসময় কৃষকরা বিলের কৃষি জমি ভরাট বন্ধ করে পরিবেশ তথা প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও তাদের একমাত্র অবলম্বন কৃষিজমি কেড়ে না নেয়ার দাবি জানান। মানববন্ধনে বিল বেলাইয়ের ইছালি গ্রামের কৃষক-কৃষাণীরা অংশ নেন। এসময় তারা ভূমিদস্যুদের মিথ্যা অভিযোগে কৃষকদের হয়রানি বন্ধেরও দাবি জানান।
কৃষকরা জানান, গাজীপুর মহানগরীর পূবাইল থানার ইছালি গ্রামে বিল ‘বেলাই’ বালি ফেলে ভরাটের প্রতিবাদ করায় গত ২৭ জুলাই স্থানীয় কৃষকদের ওপর হামলা চালায় ভূমিদস্যুরা। হামলায় ইছালি গ্রামের কৃষক আজিম উদ্দিন ভুট্টু গুরুতর আহত হন। এ ঘটনায় থানায় মামলা হওয়ার পরও আসামীরা প্রকাশ্যে মোটরসাইকেলের মহড়া দিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। এসময় সন্ত্রাসীরা বিল ভরাটের কাজে বালির পাইপলাইন স্থাপনে কেউ বাধা দিলে হাত-পা ভেঙ্গে গুড়িয়ে দিবে বলেও হুমকি দেয়। মানববন্ধনে কৃষকরা মামলার প্রধান আসামী সাবেক ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর আলম জিকুর মিথ্যা অভিযোগে জিএমপি সদর থানা পুলিশ কর্তৃক হয়রানির বর্ণনাও তুলে ধরেন।
কৃষকরা জানান, তাদের এই এলাকায় কোনো বাড়ি ভাড়া চলে না, তাদের অন্য কোনো পেশা বা ব্যবসা বাণিজ্যও নেই। বিলের জমিতে বছরে একটি ফসল হয়, এই ফসল দিয়েই সারা বছর তাদের সংসার চলে। ভূমিদস্যুদের আগ্রাসন শুরু হওয়ায় তারা এখন খুব আতঙ্গে। ইতিমধ্যে কয়েকটি কোম্পানী গাজীপুর জেলা প্রশাসনকে ম্যানেজ করে ঐতিহ্যবাহী বেলাই বিলের একফসলি নিচু আবাদি জমি ভরাট শুরু করেছে। টঙ্গী-কালীগঞ্জ সড়কের উত্তর পাশে বেলাই বিলের শিমুলিয়া অংশে কয়েকটি কোম্পানীর ব্যাপক ভূমি আগ্রাসন চলছে। প্রশাসনের নাকের ডগায় প্রকাশ্যে দেদার বিল ভরাট চলছে। কৃষক আনোয়ার হাজী বলেন, সম্প্রতি একটি কোম্পানী ইছালি গ্রামে বিলের মাঝখানে একখন্ড জমি কিনে পাইপ লাইনের সাহায্যে সেখানে বালি ফেলার উদ্যোগ নিয়েছে। বিলের মাঝখানে ওই কোম্পানীর জমিতে বালি ফেলা হলে আশপাশের জমিতে বালি ছড়িয়ে পড়বে। এতে জমির উর্বরতা ঢাকা পড়ে বোরো মৌসুমে ফসলহানি ঘটবে।
বীর মুািক্তয্দ্ধোা আতাউর রহমান বলেন, ‘আমরা যাতে জমি বিক্রি করতে বাধ্য হই সেজন্যই আমাদের ওপর জোর-জুলুম চালানো হচ্ছে। আমাদের ওপর সন্ত্রাসী লেলিয়ে দেয়া হয়েছে, পুলিশ দিয়েও আমাদেরকে হয়রানি করা হচ্ছে।’
শনিবার বিকেল ৫টায় ইছালি সড়ক অবরোধ করে এ কর্মসূচী চলাকালে সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ জ্যাম সৃষ্টি হয়। পরে বিকেল ৬টায় গাসিক ৪০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুপ্রিম কোর্টের আইনজীবী নজরুল ইসলাম খান বিকি ও পূবাইল থানার ওসি সফিকুল ইসলামের হস্তক্ষেপে কৃষকরা সড়ক অবরোধ তুলে নিলে সেখানে যান চলাচল স্বাভাবিক হয়।