কাপাসিয়ার বেগুনহাটি ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা

প্রকাশিত: January 25, 2024 | সময়: 7:48 pm

বিশেষ প্রতিনিধি:
গাজীপুর: কাপাসিয়ার বেগুনহাটি ফাজিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষকদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) দুপুরে ঐতিহ্যবাহী বেগুনহাটি ফাজিল মাদ্রাসার হল রুমে অধ্যক্ষ মাওলানা মোঃ নূরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঞ্জু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট তালহা নাহীন ইবনে মঞ্জু। পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিল্পপতি ও মঞ্জু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব অ্যাড. মাজহারুল হক মঞ্জু।
সহকারী শিক্ষক আশরাফ পারভেজ খানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, দৈনিক বাংলাভূমি পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ নজরুল ইসলাম আজহার, কিশোরগঞ্জের গুরুদয়াল সরকারি কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ আলী পাঠান, অত্র প্রতিষ্ঠানের ভাইচ প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ আলী, সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল আউয়াল, সাবেক ইউপি চেয়ারম্যান ও শিক্ষক মোহাম্মদ আলী, সাংবাদিক নূরুল আমিন সিকদার, বীরমুক্তিযোদ্ধা ডা: তোফাজ্জল হোসেন, বিদায়ী শিক্ষক মাও: হুমায়ুন কবির প্রমুখ।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন সহকারী অধ্যাপক রুবাইয়া জাহান হ্যাপী ও মাওলানা মো: হরুন অর রশিদ।
পৃষ্ঠপোষক আলহাজ্ব অ্যাড. মাজহারুল হক মঞ্জু তাঁর বক্তব্যে জানান, মঞ্জু ওয়েলফেয়ার ফাউন্ডেশনের অর্থায়নে তাঁর পিতা-মাতার নামে প্রতিষ্ঠানের জন্য যে ছাত্রাবাসটি নির্মাণ কাজ চলমান রয়েছে যা আগামী কয়েক মাসের মধ্যে নির্মাণ কাজ সমাপ্ত করে উদ্বোধন করা হবে। পাশাপাশি মাদ্রাসাটির ঐতিহ্য ধরে রাখতে আগামী দিনে প্রতিষ্ঠানের ৯২তম প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপন করা হবে এবং সেখানে সাবেক সকল ছাত্র-ছাত্রী, সাবেক শিক্ষক-শিক্ষিকাদের মিলন মেলার আয়োজন করবেন মঞ্জু ওয়েলফেয়ার ফাউন্ডেশন।
প্রধান অতিথি বলেন, প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের পাঠ্যপুস্তকের বাইরে জ্ঞানঅর্জনের জন্য একটি গ্রন্থাগার প্রতিষ্ঠা করা হবে।