প্রতিটি শিশুকে স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে: মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী

প্রকাশিত: January 25, 2024 | সময়: 9:01 pm

আকরাম হোসেন রিপন
স্টাফ রিপোর্টার:
আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ আমাদের যাদের বয়স বেশি হয়ে গেছে তাদেরকে আর বেশি কিছু শিখিয়ে লাভ নেই কিন্তু আজকে যারা শিশু নতুন চারা গাছের মতো তাদেরকে শেখালে কাজে লাগবে কারিগরি শিক্ষা দিয়ে স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে প্রতিটি শিশুকে সেটা তার নিজের জীবনের প্রতিষ্ঠিত হবার জন্য এবং দেশকে উন্নত করার জন্য তবেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে নিরলশ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং আমরা ২০৪১ সালের মধ্যে যে উন্নত স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন দেখছি তা সম্ভব হবে এবং পূরণ হবে বঙ্গবন্ধু এবং বঙ্গতাজের সোনার বাংলা গড়ে তোলার স্বপ্ন। গাজীপুরের কাপাসিয়ায় বৃহস্পতিবার বিকালে দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনি অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি এসব কথা বলেন।
গাজীপুরের কাপাসিয়ায় ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উপলক্ষে দুই দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা অডিটরিয়ামে সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলী সিদ্দিকীর সভাপতিত্বে ও বিআরডিবি কর্মকর্তা দিলারা জামানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এড. মোঃ আমানত হোসেন খান, নারী ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার প্রমুখ। মেলায় চারটি কলেজ ও নয়টি উচ্চ বিদ্যালয় অংশগ্রহণ করেছেন।