নেত্রকোনায় বাদাম ক্ষেত থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু

প্রকাশিত: May 14, 2025 | সময়: 4:06 pm

নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনায় বাদাম ক্ষেত থেকে বাড়ি ফেরার পথে বজ্রপাতে রাব্বি মিয়া (১৮) এক কিশোরের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলার কালিয়ারা গাবরাগাতী ইউনিয়নের সাটিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহত রাব্বি মিয়া গ্রামের আব্দুল বারেকের ছেলে।

৩নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ আবু সিদ্দিক জানান, সকালে বাড়ির সামনের বিলে নিজ জমিতে বাদাম খেতে বাদাম তুলতে যায়। সকাল সাড়ে ১১ টার দিকে হঠাৎ বজ্রসহ বৃষ্টিপাত শুরু হলে সে বাদাম ক্ষেত থেকে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা হয়। বাড়ির কাছাকাছি আসলে হঠাৎ বজ্রপাতে আহত হয়। বৃষ্টির পর দুপুর ১২ টায় স্থানীয় লোকজন বাড়ির সামনে জমিতে তার দেহ পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে স্থানীয় সিধলী বাজার উপ: স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক জানান, বজ্রপাতে রাব্বি মিয়া নামে একজন মারা যাওয়া তথ্য পেয়েছি। ইতিমধ্যে তার পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে, প্রশাসনিকভাবে আর্থিক সহযোগিতার বিষয়টি প্রক্রিয়াধীন আছে।