কাপাসিয়ায় ভাতিজার হাতে চাচি খুন

প্রকাশিত: June 25, 2025 | সময়: 8:04 pm

আকরাম হোসেন রিপন
স্টাফ রিপোর্টার:
গাজীপুরের কাপাসিয়ায় বুধবার (২৫ জুন) সকালে বলখেলা বাজারের পাশে ধরপাড়া এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে ভাসুরপুত্র নাজমুল (২৪) ছুড়ি দিয়ে এলোপাথারি কুপিয়ে হত্যা করেছে আপন চাচি নার্গিস আক্তার (৪৫) কে । এ ঘটনায় ঘাতক ভাসুরপুত্র নাজমুল পলাতক থাকলেও তার পিতা জাকির হোসেনকে আটক করেছে কাপাসিয়া থানা পুলিশ। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও ২ জন।
এলাকাবাসী জানায়, আওয়াদ ও জাকির হোসেন আপন দুই ভাই কিন্তু দুই পরিবারের মধ্যে বিভিন্ন সময় নানা বিষয় নিয়ে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। তারই প্রেক্ষিতে গত মঙ্গলবার বিকেলে ভাতিজা নাজমুলের শিশুপুত্র নিরব মাদ্রাসা থেকে এসে বাড়িতে না গিয়ে আওলাদের ঘরে শুয়ে থাকে। এদিকে নিরবকে তার পরিবারের লোকজন খেঁাজাখঁুজি করে না পেয়ে বাকবিতন্ডার এক পর্যায়ে রাতে নিজে নিজেই সে বাড়িতে এসে জানায় তার দাদা আওলাদের ঘরে ঘুমিয়ে ছিলো।
বুধবার সকালে স্থানীয় ইউপি মেম্বার আতিকুর রহমানের উপস্থিতিতে দুই পরিবারের মধ্যে এটি মীমাংসার জন্য আলোচনা চলছিল। এ সময় উত্তেজিত হয়ে ভাতিজা নাজমুল চাচি নার্গিস আক্তারকে ছোড়া দিয়ে এলোপাথারি কুপিয়ে জখম করে। এ সময় নাজমুলের চাচা আওয়াদ ও চাচাতো ভাই শামীম এগিয়ে আসলে তাদেরকেও কুপিয়ে জখম করে। নার্গিস আক্তারকে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় ইউপি মেম্বার আতিকুর রহমান বলেন, পারিবারিক একটি দ্বন্দ্ব ছিলো মাস ছয় আগে থেকেই। এ বিষয়ে থানায় একটি অভিযোগও দেয়া হয়েছিল। আজকে (বুধবার) বিভিন্ন বিষয় নিয়ে মিমাংসায় বসার প্রাক্কালে আবারো মারামারি শুরু হয়।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ জয়নাল আবেদীন মন্ডল বলেন, ঘটনার পরপরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। মামলাটি প্রক্রিয়াধীন রয়েছে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আনা হয়েছে। আসামী গ্রেফতারের তৎপরতা চলছে।