বাবুই পাখির সংসার ধ্বংসে নেত্রকোনায় প্রতিবাদ সমাবেশ

প্রকাশিত: July 3, 2025 | সময়: 5:11 pm

নেত্রকোনা প্রতিনিধি:
নেত্রকোনায় বাবুই পাখির সংসার ধ্বংস—প্রাণ—প্রকৃতি, বন—বন্যপ্রাণী—পাহাড়—জলাভূমির প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ কর্মসূচী পালিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (০৩ জুলাই) বেলা সাড়ে বারোটার দিকে নেত্রকোনা শহরের মোক্তারপাড়া পৌরসভার সামনের সড়কে ঘন্টাব্যপী সমাবেশের আয়োজন করেছে সবুজ সংহতি এবং শিক্ষা সংস্কৃতি পরিবেশ ও বৈচিত্ররক্ষা কমিটি।
এতে বিভিন্ন পরিবেশবাদী সংগঠনসহ সামাজিক সংগঠনের নেতৃবৃন্দরা একাত্মতা প্রকাশ করে অংশ নেয়।
প্রতিবাদ সমাবেশে বক্তারা নির্বিচারে গাছ কাটা, বন উজার, পাখির অভয়ারণ্য ধ্বংসকারীদের বিচার দাবী করেন। তারা বলেন বাবুই পাখি শুধু একটি পাখি নয়। এই পাখি মানুষকে নিখুঁতভাবে নিজের ঘর তৈরি করাসহ ব্যক্তিত্ব শিখিয়েছে।
এই পাখি শৈল্পিক এক কারিগর হিসেবেও পাঠ্যবই থেকে শুরু করে সাহিত্যে জায়গা করে নিয়েছে।
প্রতিবাদ সমাবেশে সাংবাদিক সামাজিক বিভিন্ন পেশার ব্যক্তিবর্গরা বক্তব্য রাখেন।