বিনোদন ডেস্ক ॥ দ্বিতীয়বারের মতো ছেলের মা হয়েছেন হলিউডি অভিনেত্রী মেগান ফক্স।
ব্যাং শোবিজের খবর অনুযায়ী, ১৩ ফেব্রুয়ারি পরিবারের নতুন অতিথিকে স্বাগত জানিয়েছেন ফক্স এবং তার স্বামী ব্রায়ান অস্টিন গ্রিন।
তৃতীয়বারের মতো ছেলের বাবা হওয়াতে যথেষ্ট আনন্দিত অভিনেতা ব্রায়ান।
তিনি বলেন, “খুবই অল্প সময়ের ব্যবধানে দুই সন্তানের মা হল মেগান। আমাদের কোনো ধারণা নেই কীভাবে আমরা দুই বাচ্চাকে সামলাবো। প্রতিদিনই এই ব্যাপারে আলোচনা করি, আর ভাবি কী করবো। তবে আশা করছি সব ভালমতোই চলবে। সবাই এভাবেই সন্তানদের লালনপালন করে।”
দ্বিতীয়বারের মতো মা হওয়ার অনুভূতি প্রকাশ করতে গিয়ে ফক্স বলেন, “কোনো কিছু ভাব্বার ফুসরত নেই। নতুন শিশু ছাড়াও এখন আমাকে ঘিরে সারাদিন দুষ্টিুমি করে বেড়াচ্ছে ১ বছরের ছেলে। তার উপর ২৪ ঘণ্টায় ১৬ ঘণ্টা আমার শুটিং করে কাটাতে হয়। কাজেই অন্যকিছু ভাবার সময় পাইনা।”
গ্রিনের সঙ্গে ফক্সের প্রথম পরিচয় ঘটে ২০০৪ সালে ‘হোপ অ্যান্ড ফেইথ’ সিনেমার সেটে। ওই সময় ফক্স ছিলেন ১৮ বছর, আর গ্রিনের বয়স ছিল ৩০ বছর।
দুই বছর প্রেমের পর ২০০৬ সালের নভেম্বরে বাগদান সম্পন্ন করেন তারা। ২০০৯ সালে খবর এসেছিলো তাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যাবে। তবে এর একবছরের মধ্যেই গাঁটছড়া বাঁধেন তারা।
ব্রায়ানের সাবেক সঙ্গী ভেনেসা মারসিলের ঘরে রয়েছে বড় ছেলে ১১ বছর বয়সী ক্যাসিয়াস। এছাড়া ২০১২ সালে মেগান-ব্রায়ানের সংসারে জন্ম নেয় তাদের প্রথম পুত্র সন্তান নোয়াহ।

